ফিলিস্তিনের পশ্চিম তীরে শিশু-কিশোরদের নিরাপদে ফুটবল খেলা ও সময় কাটানোর সুযোগ করে দিতে দুটি নতুন ‘ফিফা অ্যারেনা’ চালু করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) ও সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় তৈরি করা হয়েছে মাঠ দুটি।
মাঠ দুটি পশ্চিম তীরের বেথলেহেমের দক্ষিণে মারাহ রাবাহ এবং উত্তরাঞ্চলের কুসিন এলাকায় নির্মাণ করা হয়েছে। ফিফা ও ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হয়। এতে আর্থিক সহায়তা দিয়েছে সুইজারল্যান্ডের ফেডারেল ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স।
পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় চলাচলের বিধিনিষেধ ও নানা প্রতিবন্ধকতার কারণে শিশুদের শিক্ষা, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছে। নতুন মাঠ দুটি তাদের নিয়মিত ফুটবল খেলা ও শরীরচর্চার সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
মাঠ দুটি উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয়েছে ‘ইউনাইট ফর পিস: কিডস কাপ’। পাঁচ দিনব্যাপী এই প্রতিযোগিতায় স্থানীয় ১৪টি দল অংশ নিচ্ছে। এতে খেলবে প্রায় ১৬০ শিশু। গ্রুপ পর্বের পর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার পাশাপাশি শিশু ও স্থানীয় বাসিন্দাদের জন্য থাকছে বিভিন্ন ফুটবলভিত্তিক কার্যক্রম।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, মাঠগুলোর প্রকৃত সাফল্য নির্ভর করবে সেগুলো প্রতিদিন কীভাবে ব্যবহৃত হচ্ছে, তার ওপর। তিনি বলেন,
যেসব সম্প্রদায়ের শিশুদের জীবন বিধিনিষেধ ও অনিশ্চয়তায় ব্যাহত হয়, তাদের জন্য খেলার, বন্ধুদের সঙ্গে দেখা করার জায়গা থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আগামী ২৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে কিডস কাপ। তবে মাঠ দুটি শুধু এই প্রতিযোগিতার জন্য তৈরি করা হয়নি। দীর্ঘ মেয়াদে স্থানীয় শিশু ও কমিউনিটির ব্যবহারের জন্য এগুলো উন্মুক্ত থাকবে।
ফিফার ‘অ্যারেনা’ কর্মসূচির আওতায় মাঠের পাশাপাশি স্থানীয়দের ফুটবল সরঞ্জামও দেওয়া হচ্ছে। ফলে প্রতিযোগিতা শেষ হওয়ার পরও শিশু-কিশোরেরা সেখানে নিয়মিত অনুশীলন ও খেলাধুলা চালিয়ে যেতে পারবে।




