বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়নের পথে কেইন

বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে হ্যারি কেইনের। জার্মান ক্লাবটিতে দীর্ঘমেয়াদে থাকার ইচ্ছার কথা আগেই জানিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক। এবার নতুন চুক্তি নিয়ে আশাবাদী হওয়ার মতো বার্তাও দিয়েছেন তিনি।

কেইনের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত। ২০২৩ সালে টটেনহাম হটস্পার ছেড়ে বায়ার্নে যোগ দেওয়া এই স্ট্রাইকারের চুক্তি বাড়ানোর আলোচনা শুরু হয় গত আগস্টে। এখন সেই আলোচনা চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে।

চুক্তি নবায়ন নিয়ে কেইন বলেছেন, ‘আলোচনা ভালো হচ্ছে। আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। তবে কিছু বিষয় এখনো চূড়ান্ত করা বাকি। আমি এখানে সুখে আছি। আমার মনে হয়, খুব বেশি সময় লাগবে না-শিগগিরই এ বিষয়ে কোনো ঘোষণা আসতে পারে।

নিজের ও পরিবারের স্বাচ্ছন্দ্যকেও গুরুত্ব দিচ্ছেন কেইন। মিউনিখের পরিবেশ, কোচ ও সতীর্থদের সঙ্গে বোঝাপড়ায় সন্তুষ্ট তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের সেরাটা ধরে রাখতে পরিচিত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে থাকাকে গুরুত্বপূর্ণ মনে করছেন ইংলিশ তারকা।

বায়ার্নের হয়ে কেইনের পারফরম্যান্সও চুক্তি নবায়নের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই নিয়মিত গোল করে চলেছেন তিনি। বায়ার্নের হয়ে ইতিমধ্যে দুটি বুন্দেসলিগা, একটি জার্মান কাপ ও দুটি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার সুপারকাপ জিতেছেন এই স্ট্রাইকার।

কেইনকে ধরে রাখতে আগ্রহী বায়ার্নও। ক্লাবটির প্রধান নির্বাহী ইয়ান-ক্রিস্টিয়ান ড্রেসেন এর আগে জানিয়েছিলেন, কেইনের সঙ্গে তাদের সম্পর্ক ও বোঝাপড়া দারুণ। চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষই স্বচ্ছন্দে আলোচনা চালিয়ে যাচ্ছে।

spot_imgspot_img
spot_img

Related Articles