‘বাংলাদেশ বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছে’ ফিফাকে হামজা

প্রথমবারের মতো চলমান ফিফা আসিয়ান কাপে খেলছে বাংলাদেশ। এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। তবে ফলাফল দিয়ে দলের পারফরম্যান্স বিচার করতে চান না হামজা দেওয়ান চৌধুরী। কঠিন সময়ের মধ্য দিয়েই বাংলাদেশ দল এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে বড় কিছু অর্জনের ভিত্তি তৈরি করছে বলে বিশ্বাস এই মিডফিল্ডারের।

ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে হামজা বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমার জন্য এটি অসাধারণ এক অভিজ্ঞতা। অবশ্যই কিছু চড়াই-উতরাই ছিল। দুর্ভাগ্যজনকভাবে ভালো সময়ের চেয়ে কঠিন সময়ই আমাদের বেশি পার করতে হয়েছে। তবে আমরা কঠোর পরিশ্রম করছি এবং ভালো কিছুর ভিত্তি তৈরি করছি।’

‘বাংলাদেশ বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছে’ ফিফাকে হামজা

আসিয়ান কাপে এখন পর্যন্ত মালয়েশিয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচেই হেরেছে তারা। সামনে অপেক্ষা করছে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে কঠিন পরীক্ষা। তুলনামূলকভাবে অভিজ্ঞ ও ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলার মধ্য দিয়ে বাংলাদেশের উন্নতি হচ্ছে বলে মনে করেন হামজা।

মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের তুলনা করে তিনি বলেছেন, ‘আমার মনে হয়, মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের চেয়ে সিঙ্গাপুরের বিপক্ষে আমরা ভালো খেলেছি। মালয়েশিয়া শক্তিশালী দল। তাদের বিপক্ষে আমরা ধীরগতিতে শুরু করেছিলাম। পরে ম্যাচে ফিরে আসাটা কঠিন হয়ে যায়।’

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৪৫ ধাপ এগিয়ে মালয়েশিয়া। তবে মাঠের খেলায় দুই দলের মধ্যে তেমন ব্যবধান দেখা যায়নি বলে মনে করেন হামজা। তাঁর ভাষায়, ‘এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারাটা আমাদের জন্য দারুণ ব্যাপার। তারা র‌্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে। কিন্তু ম্যাচের কিছু মুহূর্তে মাঠে সেই ব্যবধান একেবারেই বোঝা যায় না। এর মানে আমরা সঠিক পথেই আছি।’

তবে এখনই নিজেদের লক্ষ্যে পৌঁছে গেছে বাংলাদেশ—এমনটা মনে করছেন না হামজা। তাঁর মতে, দলকে আরও কিছু জায়গায় উন্নতি করতে হবে। তিনি বলেন, ‘আমার মনে হয় ধাঁধার শেষ দুই-তিনটি টুকরা জোড়া লাগানো বাকি। আশা করছি, দ্রুতই সেগুলো ঠিকভাবে মেলাতে পারব। নভেম্বরে ঘরের মাঠে আমাদের বড় একটি টুর্নামেন্ট (সাফ চ্যাম্পিয়নশিপ) আছে। আমরা সেই টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করি সেখানে ভালো কিছু অর্জন করতে পারব, ইনশা আল্লাহ।’

বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর হামজা দেশের ফুটবলে নতুন আগ্রহ তৈরি করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলার অভিজ্ঞতা থাকলেও জাতীয় দলের হয়ে ভিন্ন পরিবেশে খেলছেন তিনি। এবারই প্রথম ইন্দোনেশিয়ায় যাওয়ার অভিজ্ঞতাও হয়েছে তাঁর।

‘বাংলাদেশ বড় কিছুর দিকে এগিয়ে যাচ্ছে’ ফিফাকে হামজা

ইন্দোনেশিয়া নিয়ে হামজার অভিজ্ঞতা, ‘আমার সত্যিই খুব ভালো লেগেছে। এবারই প্রথম ইন্দোনেশিয়ায় এলাম। আমার অনেক বন্ধু ও পরিবারের সদস্য এখানে এসেছে। তারা সবাই জায়গাটির প্রশংসা করেছে। নিজে এসে দেখতে পেরে ভালো লাগছে। এখানকার মানুষ খুব বন্ধুত্বপূর্ণ। আবহাওয়া আমার জন্য কিছুটা গরম, তবে সব মিলিয়ে দারুণ উপভোগ করছি।’

ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি নিয়েও রোমাঞ্চিত হামজা। স্বাগতিক দর্শকদের সামনে খেলার অভিজ্ঞতাকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। হামজা বলেছেন, ‘এই ম্যাচের জন্য আমি মুখিয়ে আছি। গ্যালারিতে অনেক স্বাগতিক দর্শক থাকবে। তাই দল হিসেবে আমাদের জন্য এটি আরও একটি মূল্যবান অভিজ্ঞতা হবে। ইন্দোনেশিয়া খুব ভালো দল। ইউরোপের শীর্ষ লিগগুলোতে তাদের অনেক খেলোয়াড় খেলছে। ফলে এটি আমাদের জন্য আরেকটি কঠিন পরীক্ষা হতে যাচ্ছে। তবে নিজেদের চেয়ে এগিয়ে থাকা দলগুলোর সঙ্গে লড়াই করাই এখানে আসার মূল উদ্দেশ্য।’

spot_imgspot_img
spot_img

Related Articles