আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষদিকে একের পর এক সম্মাননা পাচ্ছেন লিওনেল মেসি। বুয়েনস আয়ার্সের বিশ্ববিদ্যালয় থেকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি পাওয়ার পর আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব রিভারপ্লেটও তাঁকে দিয়েছে সম্মান সূচক সদস্যপদ। এবার মেসিকে স্মারক উপহার দিয়েছেন ম্যাচ রেফারি ও প্রতিপক্ষ বেনিনের খেলোয়াড়েরাও।
বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩–০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মেসি। নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থদের দুটি গোলে সহায়তা করেছেন তিনি। আর্জেন্টিনার অন্য দুটি গোল করেছেন নিকোলাস ওতামেন্দি ও তরুণ ফরোয়ার্ড নিকোলাস পাজ।
ম্যাচ শেষে মেসিকে বিশেষ উপহার দেন চিলির রেফারি ফার্নান্দো বেখা। ম্যাচে ব্যবহৃত হলুদ ও লাল কার্ড দুটিই স্মারক হিসেবে আর্জেন্টাইন অধিনায়কের হাতে তুলে দেন তিনি। অবশ্য কার্ড দুটি কোনো শাস্তির স্মারক নয়; আন্তর্জাতিক ফুটবলে মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উপহার।
রেফারির উপহার পাওয়ার আগে বেনিনের অধিনায়ক সেসি দালমেইদাও মেসিকে একটি খোদাই করা মূর্তি ও স্মারকপত্র উপহার দেন। ম্যাচ শেষে বেনিনের খেলোয়াড়দের মধ্যেও মেসিকে ঘিরে ছিল উৎসাহ। মোবাইল ফোন হাতে তাঁকে ঘিরে ধরে একের পর এক সেলফি তুলতে থাকেন তাঁরা। একপর্যায়ে অতিরিক্ত ভিড়ে বিরক্তি প্রকাশ করতেও দেখা যায় মেসিকে।
এর আগে এই সপ্তাহেই ইউনিভার্সিটি অব বুয়েনস আয়ার্স (ইউবিএ) থেকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রি পেয়েছেন মেসি। তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারকে শ্রেষ্ঠত্ব, বিনম্রতা ও নৈতিকতার অনন্য উদাহরণ হিসেবে উল্লেখ করে তাঁকে ‘ডক্টোরাদো অনোরিস কাউসা’ ডিগ্রি দেওয়া হয়।
বিশ্বকাপ, কোপা আমেরিকা, ব্যালন ডি’অরসহ ফুটবলের প্রায় সব বড় অর্জনই মেসির ক্যারিয়ারে রয়েছে। এর সঙ্গে এবার যুক্ত হলো বিশ্ববিদ্যালয়ের সম্মান সূচক ডিগ্রিও। বেনিনের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে রিভারপ্লেটের মাঠ এস্তাদিও মনুমেন্তালে। ম্যাচ শুরুর আগে ক্লাবটির সভাপতি স্তেফানো দি কার্লো মেসির হাতে তুলে দেন সম্মান সূচক সদস্য পদের কার্ড। রিভারপ্লেটের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয় একটি স্মারক এবং মেসির নাম লেখা ক্লাবের জার্সিও।




