এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ফিলিপাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। উজবেকিস্তানের তাসখন্দে দোস্তলিক স্টেডিয়ামের অনুশীলন মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায়। এই ম্যাচে জিতলেই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে বাংলাদেশ।
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের প্রস্তুতি, লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের কোচ সাইফুল বারী টিটু। তাঁর কথায়, জয় ছাড়া অন্য কিছু ভাবছে না দল। ড্র করলেও মূল পর্বে ওঠার পথ নিশ্চিত হবে না, তাই জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় বাংলাদেশ।
বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মতো জয় পেয়েছে ফিলিপাইনও। ‘এইচ’ গ্রুপে দুই দলেরই পয়েন্ট তিন। প্রথম ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক উজবেকিস্তানকে। অন্যদিকে ফিলিপাইন স্বাগতিকদের হারিয়েছে ৪-০ গোলে। ফলে গোল ব্যবধানে এগিয়ে আছে ফিলিপাইন।
ম্যাচের গুরুত্ব তুলে ধরে কোচ সাইফুল বারী টিটু বলেছেন, ‘ড্র করলে দলের কোনো লাভ হবে না। প্রতিপক্ষকে গোল করতে না দেওয়া এবং ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতার ওপরও জোর দিয়েছেন তিনি।
প্রথম ম্যাচের পর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও পারস্পরিক যোগাযোগ ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন কোচ। টুর্নামেন্টের মাঝখানে দুই দিনের বিরতি প্রস্তুতি নেওয়া এবং খেলায় মনোযোগ ধরে রাখার সুযোগ করে দিয়েছে। দলের মধ্যে বড় কোনো চোট কিংবা শারীরিক ও মানসিক সমস্যা নেই বলেও জানা গেছে।
ফিলিপাইন শারীরিক সক্ষমতা ও টেকনিক্যাল দক্ষতায় বাংলাদেশের চেয়ে এগিয়ে এমনটাই মনে করছেন কোচ। তবে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো ফল পাওয়া সম্ভব বলে বিশ্বাস তাঁর। আগের ম্যাচের গোল ব্যবধান দেখে ফিলিপাইন বাংলাদেশকে কিছুটা হালকাভাবে নিতে পারে, সেই সুযোগ কাজে লাগাতে চান সাইফুল বারী।
কোচের বিশ্বাস, মেয়েরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী সুশৃঙ্খল ও নিখুঁত ফুটবল খেলতে পারলে জয় তুলে নেওয়া সম্ভব। আর সেই জয়ই বাংলাদেশকে পৌঁছে দিতে পারে অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপের মূল পর্বে।




