চোটের কারণে আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে পারেনি লিটন কুমার দাস। তবে চোট কাটিয়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে খেলবেন এই উইকেট কিপার ব্যাটার। সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রধান কোন।
আপাতত লিটনকে পাওয়া যাবে জানিয়ে সিমন্স বলেন, পরিস্থিতির পরিবর্তন হলে তিনি জানাবেন। সম্প্রতি বাংলাদেশের ক্রিকেটে নানা আলোচনা ও অস্থিরতার প্রসঙ্গও উঠে আসে সংবাদ সম্মেলনে। তবে এসব বিষয়কে গুরুত্ব না দিয়ে মাঠের ক্রিকেটে মনোযোগ দিতে চান সিমন্স। তাঁর মতে, প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ।
বাইরের আলোচনা নিয়ে চিন্তা না করে কীভাবে ভালো প্রস্তুতি নিয়ে ভালো খেলা যায়, সেটিই দলের মূল লক্ষ্য। বাংলাদেশ ক্রিকেটের উন্নয়ন নিয়ে তামিম ইকবালের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক সম্পর্কেও কথা বলেছেন সিমন্স। তিনি জানান, ওই বৈঠকে বাংলাদেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া এবং তরুণ ক্রিকেটারদের উন্নতি নিয়ে আলোচনা হয়েছে।
তাঁর ভাষায়, বৈঠকটি ছিল ইতিবাচক; সেখানে কোনো বিশৃঙ্খলা হয়নি। এটি কোনো নির্দিষ্ট সিরিজ নিয়ে আলোচনার জন্যও ছিল না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি সিমন্সের জন্য ব্যক্তিগতভাবেও বিশেষ। ক্যারিয়ারের একপর্যায়ে তিনি দলটির দায়িত্বে ছিলেন। তবে পুরোনো দলের বিপক্ষে আবেগের বিষয়টিকে বড় করে দেখছেন না বাংলাদেশের কোচ।
তিনি বলেন, আমি ব্যাপারটা এভাবে দেখি না। আমি ওই দলের নেতা ছিলাম। এখনো বিজয়ী দলেই থাকতে চাই। আমার আগের দল খেলতে আসছে বলে আমি এত আবেগপ্রবণ নই। আমি এই সিরিজ বাংলাদেশের হয়ে জিততে চাই।




