এশিয়ান গেমস থেকে ত্রিদেশীয় সিরিজ-সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ব্যাটিং নিয়ে সন্তুষ্টির জায়গা খুব একটা নেই। এমন পরিস্থিতির মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর জায়গায় আসন্ন সিরিজে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন।
ঢাকা টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে আশরাফুলের বিদায় ও নতুন ব্যাটিং কোচের দায়িত্ব গ্রহণ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর মতে, কোচ পরিবর্তনের কারণে দলের খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়।
আশরাফুলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে শান্ত বলেন,
প্রত্যেক কোচের সঙ্গেই কাজ করতে উপভোগ করেছি। আশরাফুল ভাই প্রায় এক বছর ছিলেন। এই সময়ে যতটুকু কাজ করেছেন, ভালো কাজ করেছেন। তিনি অভিজ্ঞ ছিলেন, অনেক কিছু শেয়ার করেছেন। ব্যাটিং কোচ হিসেবে যিনি এসেছেন, তিনিও কিছুদিন আগেও ড্রেসিংরুমে ছিলেন।
আশরাফুলের কোচিংয়ে মুগ্ধ শান্ত
নতুন কোচের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে কোনো সংশয় দেখছেন না বাংলাদেশ অধিনায়ক। সালাউদ্দিনের সঙ্গে দলের খেলোয়াড়দের পূর্বপরিচিতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, তাই এখানে খুব একটা প্রভাব পড়বে না। তাঁর সঙ্গেও অতীতে সবাই অনেক কাজ করেছি। মানিয়ে নিতে কোনো সমস্যা নেই। সালাউদ্দিন স্যার ভালো কাজ করছেন। আশরাফুল ভাইয়ের সঙ্গেও যতটুকু কাজ করেছি, উপভোগ করেছি। তিনি নিজের কাজ ভালোভাবে করেছেন।
এদিকে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক উন্নতি নিয়েও কথা বলেছেন শান্ত। এই সংস্করণে দলের অগ্রগতি নিয়ে আলোচনা বাড়ায় সন্তোষ প্রকাশ করলেও আরও ভালো করার তাগিদ দিয়েছেন তিনি। অধিনায়কের বিশ্বাস, টেস্ট ক্রিকেটকে ঘিরে ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলার প্রক্রিয়া কয়েক বছর আগেই শুরু হয়েছে। এখন সেটি ধরে রাখার পালা।
শান্তর ভাষায়, সবাই টেস্ট নিয়ে কথা বলছে, এটা অবশ্যই ভালো লাগছে। এই কালচার দুই-তিন বছর আগেই শুরু হয়েছে বলে আমি বিশ্বাস করি। এটা ধরে রাখতে হবে। অনেক ভালো করার সুযোগ আছে। আমরা ভালো করছি, কিন্তু আমরা খেলোয়াড়রা খুশি নই। আমাদের পা মাটিতেই আছে। কীভাবে আরও ভালো করতে পারি, সেটা নিয়ে ভাবতে হবে। বেশি উচ্ছ্বসিত হওয়া যাবে না। যা অর্জন করেছি, তা যথেষ্ট নয়। আমাদের আরও উন্নতি করার সামর্থ্য আছে।




