ব্রাজিলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন বার্সেলোনা তারকা রাফিনহা। নিয়মিত অধিনায়ক মারকিনিওস চোটের কারণে ছিটকে যাওয়ায় বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সিঙ্গাপুরে আন্তর্জাতিক সফরে শনিবার জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি। বছরের শেষটা জয় দিয়ে রাঙানোই এখন ব্রাজিলের লক্ষ্য।
ব্রাজিলের রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মারকিনিওস সম্প্রতি চোটে পড়েন। বার্সেলোনার বিপক্ষে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পেশিতে আঘাত পান তিনি। এই চোটের কারণে সিঙ্গাপুর সফরে থাকতে পারছেন না মারকিনিওস। ফলে নতুন অধিনায়ক নির্বাচনের দায়িত্ব পড়ে কোচ কার্লো আনচেলত্তির ওপর। শেষ পর্যন্ত অভিজ্ঞতা ও নেতৃত্বের দক্ষতার কথা বিবেচনা করে রাফিনহার ওপরই আস্থা রেখেছেন ইতালিয়ান এই কোচ।
তবে শুধু মাঠের পারফরম্যান্স বা নেতৃত্বের অভিজ্ঞতার কারণেই রাফিনহাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়নি। জাতীয় দলের প্রতি তার দায়িত্ববোধ ও নিবেদনও বিবেচনায় এসেছে। জানা গেছে, সিঙ্গাপুর সফরে দলের হয়ে খেলতে বাঁ কানের একটি সিস্ট অপসারণের অস্ত্রোপচার নির্ধারিত সময়ের আগেই করিয়েছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
এদিকে ম্যাচ সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। এরই মধ্যে সম্ভাব্য একাদশ নিয়ে কাজ শুরু করেছেন আনচেলত্তি। বুধবার সিঙ্গাপুরে দলের অনুশীলনে রক্ষণভাগ ও আক্রমণভাগের খেলোয়াড়দের মধ্যে সমন্বয় বাড়ানোর দিকে বিশেষ নজর দেওয়া হয়। এ দুই বিভাগে বেশ অগ্রগতি হলেও মাঝমাঠের খেলোয়াড় নির্বাচন নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি কোচ।
সম্ভাব্য একাদশে গোলরক্ষক হিসেবে দেখা যেতে পারে বেন্তোকে। রক্ষণভাগে ওয়েসলি, জাইর, গ্যাব্রিয়েল মাগালায়েস ও দগলাস সান্তোসের খেলার সম্ভাবনা রয়েছে। আক্রমণভাগে বাঁ প্রান্তে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র এবং ডান প্রান্তে এস্তেভাও। আর মাঝখানে আক্রমণ পরিচালনার দায়িত্বে থাকতে পারেন অধিনায়ক রাফিনহা।
তবে মাঝমাঠের খেলোয়াড় নির্বাচন নিয়েই এখনো চলছে পরীক্ষা-নিরীক্ষা। অনুশীলনে মারলন গোমেস, গ্যাব্রিয়েল বোন্তেম্পো, আন্দ্রে সান্তোস, জোয়াও গোমেস ও আন্দ্রে লুইজকে বিভিন্ন সমন্বয়ে খেলিয়ে দেখছেন আনচেলত্তি। দলের ভারসাম্য ধরে রাখতে এই বিভাগে সঠিক খেলোয়াড় নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি।
এদিকে মাঝমাঠে ব্রুনো গুইমারেসের খেলার সম্ভাবনা তুলনামূলক বেশি। তবে তার শারীরিক অবস্থার ওপরই শেষ পর্যন্ত একাদশে থাকা নির্ভর করছে। পুরোপুরি ফিট ঘোষণা করা হলেই কেবল তাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নিতে পারেন কোচ। নিউক্যাসল ইউনাইটেডের এই মিডফিল্ডার টানা তিন দিন বিশ্রামে ছিলেন। ফলে শনিবারের ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।
সব মিলিয়ে অধিনায়কত্বে নতুন মুখ এবং মাঝমাঠের কয়েকটি জায়গা নিয়ে অনিশ্চয়তা থাকলেও জয়ই ব্রাজিলের মূল লক্ষ্য। রাফিনহার নেতৃত্বে মাঠে নেমে বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চাইবে আনচেলত্তির দল।




