ইয়ামালকে বিশ্রামে রাখছে বার্সেলোনা

চ্যাম্পিয়নস লিগে আজারবাইজানের ক্লাব সাবাহর বিপক্ষে ম্যাচে খেলছেন না বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। টানা ম্যাচ খেলার ধকল কাটিয়ে তাকে শারীরিকভাবে সতেজ রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কোচ হান্সি ফ্লিক। ফলে দলের সঙ্গে আজারবাইজান সফরে যাচ্ছেন না এই স্প্যানিশ ফরোয়ার্ড।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’-এর প্রতিবেদন অনুযায়ী, ইয়ামাল ও ক্লাব কর্তৃপক্ষের পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ব্যস্ত সূচির কারণে প্রতি তিন দিন পরপর মাঠে নামতে হয়েছে তাকে। এতে তৈরি হওয়া শারীরিক ক্লান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে বার্সেলোনার কোচিং স্টাফ।

এ ছাড়া আজারবাইজানের সম্ভাব্য ঠান্ডা আবহাওয়াও সিদ্ধান্তের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। দলের সঙ্গে সফরে যাওয়ার আগে বার্সেলোনার অনুশীলনকেন্দ্রে আয়োজিত ‘হোয়ান গাম্পার’ উৎসবে অল্প সময়ের জন্য উপস্থিত হয়েছিলেন ইয়ামাল। তবে সেখানে ১০ মিনিটের বেশি থাকেননি তিনি।

আগামী বুধবার বাকুতে সাবাহর মুখোমুখি হবে বার্সেলোনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইয়ামালকে বাইরে রাখার সিদ্ধান্তকে মূলত তার ফিটনেস ও দীর্ঘমেয়াদি শারীরিক সক্ষমতা ধরে রাখার কৌশল হিসেবেই দেখছে ক্লাব কর্তৃপক্ষ।

spot_imgspot_img
spot_img

Related Articles