লা লিগার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচজয়ী কোচের রেকর্ড গড়েছেন আতলেতিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে। রোববার (২২ নভেম্বর) হেতাফের বিপক্ষে ৩-০ গোলের জয়ের মধ্য দিয়ে এই মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন এই কোচ। এর আগে রেকর্ডটি ছিল লুইস আরাগোনেসের দখলে।
লা লিগায় কোচ হিসেবে ৫৬৭ ম্যাচে ৩৪৫টি জয় পেয়েছেন সিমিওনে। অন্যদিকে, আরাগোনেস ৭৫৬ ম্যাচে ৩৪৪টি জয় নিয়ে এত দিন শীর্ষে ছিলেন। অর্থাৎ, ১৮৯টি ম্যাচ কম খেলেই তাকে ছাড়িয়ে গেছেন সিমিওনে। তালিকার পরবর্তী অবস্থানে রয়েছেন মিগেল মুনিয়েজ (৩২৩ জয়), এর্নেস্তো ভালভার্দে (২৭৮ জয়) এবং মানুয়েল পেলেগ্রিনি (২৭৩ জয়)।
২০১১ সালের ডিসেম্বরে আতলেতিকো মাদ্রিদের দায়িত্ব নেওয়ার পর ক্লাবটিকে স্পেনের ফুটবলে অন্যতম শক্তিশালী দলে পরিণত করেন সিমিওনে। তার অধীনে দলটি দুটি লা লিগা, দুটি উয়েফা ইউরোপা লিগ, একটি কোপা দেল রে, একটি স্প্যানিশ সুপার কাপ এবং দুটি উয়েফা সুপার কাপসহ মোট আটটি শিরোপা জিতেছে।
তবে তার কোচিং ক্যারিয়ারে দুটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হারের আক্ষেপও রয়েছে। ২০১৪ ও ২০১৬ সালে রিয়াল মাদ্রিদের কাছে ফাইনালে পরাজিত হয় আতলেতিকো।
নতুন রেকর্ড অর্জনের পর নিজের অনুভূতি জানিয়ে সিমিওনে বলেন, এই অর্জনের পেছনে অবিশ্বাস্য পরিমাণ পরিশ্রম রয়েছে। পাশাপাশি দলকে রক্ষণাত্মক ফুটবল খেলানোর সমালোচনার জবাবে তিনি প্রশ্ন তোলেন, কেবল রক্ষণাত্মক ফুটবল খেলে কি ৩৪৫টি ম্যাচে জয় পাওয়া সম্ভব?


