মাত্র ১৭ বছর ৫ দিন বয়সে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হয়ে ইতিহাস গড়েছেন কাভান সুলিভান। রোববার অ্যারিজোনায় এক প্রীতি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মেক্সিকোকে ৩-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র।
গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়ামে ম্যাচের ৬২তম মিনিটে দুর্দান্ত এক গোলে যুক্তরাষ্ট্রের ব্যবধান ২-০ করেন সুলিভান। আগামী বছর ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা রয়েছে এই তরুণের।
এর মধ্য দিয়ে সুলিভান ভেঙেছেন ম্যাথিস আলবার্টের রেকর্ড। মাত্র পাঁচ দিন আগে ১৭ বছর ৩১ দিন বয়সে চিলির বিপক্ষে গোল করে যুক্তরাষ্ট্রের কনিষ্ঠতম আন্তর্জাতিক গোলদাতা হয়েছিলেন আলবার্ট।
সুলিভান বলেন,
আপনি যখন তিন, চার, পাঁচ বা ছয় বছরের, তখন এমন মুহূর্তের স্বপ্ন দেখেন। আমি এই মুহূর্তটি বাস্তবে আনার কথা কল্পনা করেছিলাম , শুধু ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে নয়, বরং সারা জীবন।
সুলিভানের আগে ১৮ বছর বয়সী জুলিয়ান হল ২৮তম মিনিটে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন। গত সপ্তাহে পেরুর বিপক্ষে অভিষেকের পর এটি ছিল জাতীয় দলের হয়ে হলের টানা তৃতীয় ম্যাচে গোল। ম্যাচের শুরুতে মেক্সিকো বল দখল ও মাঠের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগানোর ক্ষেত্রে কার্যকর ছিল যুক্তরাষ্ট্র।

২৮তম মিনিটে জিও রেইনা পেনাল্টি এলাকায় ঢুকে অ্যালেক্স ফ্রিম্যানের পাস গ্রহণ করেন। এরপর মেক্সিকোর মিডফিল্ডার এরিক লিরাকে কাটিয়ে বাইলাইনে পৌঁছে নিচু ক্রস দেন। মেক্সিকোর গোলরক্ষক রাউল র্যাঙ্গেল সেই বল ঠেকালেও তা গিয়ে পড়ে হলের সামনে। ফিরতি বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে মেক্সিকো সমতায় ফেরার কাছাকাছি চলে যায়। বক্সের বাইরে থেকে রবার্তো আলভারাদোর শক্তিশালী শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন যুক্তরাষ্ট্রের গোলরক্ষক দিয়েগো কোচেন।
সুলিভানের ইতিহাস গড়া মুহূর্ত
এরপরই ইতিহাস গড়েন সুলিভান। নিজেদের বক্সের বাইরে র্যাঙ্গেলের ভুল পাস থেকে পাওয়া দীর্ঘ বলের পেছনে ছুটে সেটি নিয়ন্ত্রণে নেন তিনি। এরপর দূর থেকে গোলরক্ষককে চিপ করে বল জালে পাঠিয়ে ব্যবধান ২-০ করেন।
সুলিভান বলেন, “আমি শুধু মনে করতে পারি, বলটা চিপ করার সময় আশা করছিলাম যেন ক্রসবারে না লাগে বা বাইরে চলে না যায়। বলটা যখন আকাশে ছিল, তখন আমি নার্ভাস হয়ে পড়েছিলাম। এরপর সবকিছু যেন ঝাপসা হয়ে গেল।”
৬৮তম মিনিটে সেবাস্তিয়ান বারহাল্টারের মুখে হাত দেওয়ায় মেক্সিকোর বদলি খেলোয়াড় লুইস শাভেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে তাদের পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। ৮৪তম মিনিটে ম্যালিক টিলম্যান মেক্সিকোর দুর্বল ব্যাকপাসের সুযোগ নিয়ে ওপরের কর্নারে দুর্দান্ত শটে গোল করে যুক্তরাষ্ট্রের ৩-০ জয় নিশ্চিত করেন।




