দীর্ঘ অপেক্ষার পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন নাভিন-উল-হক। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত আফগানিস্তান দলে জায়গা পেয়েছেন এই পেসার। একই সঙ্গে ইব্রাহীম জাদরানকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে।
ডান কাঁধের স্ট্রেস ফ্র্যাকচারের অস্ত্রোপচারের পর দীর্ঘদিন পুনর্বাসনে ছিলেন নাভিন। চোটের কারণে গত বছরের এশিয়া কাপ ও এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারেননি তিনি। ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা নাভিন ঘরোয়া ক্রিকেটে ফিরে পারফরম্যান্সের মাধ্যমে আবারও জাতীয় দলে জায়গা করে নিয়েছেন।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়া নাভিন এখন মনোযোগ দিচ্ছেন শুধু টি-টোয়েন্টিতে। ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে প্রায় ২১ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন তিনি।
আফগানিস্তানের স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার গুলবাদিন নাইবও। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে তাঁর কার্যকারিতা দলের মাঝের সারিতে বাড়তি ভারসাম্য এনে দিতে পারে। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার হিসেবে প্রথমবারের মতো স্কোয়াডে জায়গা পেয়েছেন উইকেটকিপার নূর রহমান।
স্পিন বিভাগে আফগানিস্তান রেখেছে শক্তিশালী আক্রমণ। রশিদ খান, মোহাম্মদ নবী, নূর আহমাদ, নাঙ্গিয়াল খারোতি ও মুজিব উর রহমান থাকছেন দলে। পেস আক্রমণে নাভিনের সঙ্গে আছেন ফজলহক ফারুকি ও আবদুল্লাহ আহমাদজাই।
মূল স্কোয়াডের বাইরে রিজার্ভ হিসেবে রাখা হয়েছে ইজাজ আহমাদজাই, শাহিদুল্লাহ কামাল ও ফারিদ আহমাদ মালিককে।
ভারতের বিপক্ষে এই সিরিজ তাই আফগানিস্তানের জন্য যেমন নতুন অধিনায়কের নেতৃত্বে নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ, তেমনি দীর্ঘ বিরতির পর নাভিন-উল-হকের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরারও বড় মঞ্চ।
আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:
ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), নূর রহমান (উইকেটকিপার), সেদিকুল্লাহ আতাল, দারবিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, নূর আহমাদ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আবদুল্লাহ আহমাদজাই ও নাভিন-উল-হক।


