জাতীয় দলের খেলা নেই। ঘরোয়া ক্রিকেটেও আপাতত ব্যস্ততা নেই। ক্রিকেটের এই খানিকটা নিস্তরঙ্গ সময়েই হঠাৎ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) থেকে ডাক পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। সেই ডাকে সাড়া দিয়ে সিপিএলে খেলতে ওয়েস্ট ইন্ডিজের পথে দেশ ছেড়েছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।
সিপিএলের এবারের আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন মিরাজ। বিমানে বসে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আজ শনিবার সকালে তিনি লিখেছেন, ‘নতুন এক চ্যালেঞ্জের জন্য সিপিএলের পথে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের সঙ্গে ক্যারিবিয়ান যাত্রা আলিঙ্গন করতে প্রস্তুত।’
সিপিএলে এবারই প্রথম খেলতে যাচ্ছেন মিরাজ। তাই তাঁর জন্য এটি নিঃসন্দেহে নতুন এক অভিজ্ঞতা। অবশ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুর দিকেই সিপিএলের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। ২০১৭ সালে তাঁকে দলে নিয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। তবে সে আসরে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি তিনি।
এরপর গত বছর পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) মিরাজকে দলে নিয়েছিল লাহোর কালান্দার্স। সেখানেও মাঠে নামা হয়নি তাঁর। দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলার সুযোগ আসে এ বছরের জুলাইয়ে লঙ্কা প্রিমিয়ার লিগে। গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে অবশ্য সেই আসরটা ভালো কাটেনি মিরাজের। চার ম্যাচ খেলার পর একাদশ থেকেই বাদ পড়েন তিনি।
এবার অবশ্য নিজেকে নতুন করে প্রমাণের সুযোগ পাচ্ছেন মিরাজ। গায়ানা তাঁকে দলে নিয়েছে মূলত মোহাম্মদ নবীর বদলি হিসেবে। আফগানিস্তানের এই অভিজ্ঞ অলরাউন্ডার ভারতের বিপক্ষে সিরিজের জন্য জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। ফলে গায়ানার হয়ে নিয়মিত খেলার সুযোগ পেতে পারেন মিরাজ।
ক্যারিবিয়ানে পা রাখার আগেই অবশ্য নিজের নতুন দলের দারুণ শুরুর খবর পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। আজ ভোরে জ্যামাইকা কিংসমেনকে ৮ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। গতবারের রানার্সআপরা এবারও শুরু করেছে দুর্দান্তভাবে-প্রথম পাঁচ ম্যাচের সব কটিতেই জিতেছে তারা।
দলের এমন দুর্দান্ত শুরুর পর মিরাজের সামনে এখন অপেক্ষা মাঠে নামার। সিপিএলে প্রথমবারের মতো সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে পারবেন কি না, সেটিই দেখার।


