চীনের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে চলমান অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকি থেকে ছিটকে গেছেন বাংলাদেশ দলের ফরোয়ার্ড মো. ইসমাইল হোসেন। ম্যাচ চলাকালে বাঁ পায়ে চোট পাওয়ার পর মেডিকেল পরীক্ষায় তার গুরুতর চোট ধরা পড়ে।
পরীক্ষায় ইসমাইলের বাঁ গোড়ালির ডিস্টাল ফিবুলায় নন-ডিসপ্লেসড হেয়ারলাইন ফ্র্যাকচার শনাক্ত হয়েছে। একই সঙ্গে বাঁ হাঁুতেও আঘাত পেয়েছেন তিনি। তবে স্বস্তির খবর, চোটের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে না। চিকিৎসকদের তত্ত্বাবধানে ইতোমধ্যে ইসমাইলের কনজারভেটিভ রিহ্যাবিলিটেশন বা অস্ত্রোপচার ছাড়াই পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, পুরোপুরি সুস্থ হয়ে প্রতিযোগিতামূলক হকিতে ফিরতে ইসমাইলের ১০ থেকে ১২ সপ্তাহ সময় লাগতে পারে। ফলে চলতি জুনিয়র এশিয়া কাপের বাকি ম্যাচগুলোতে আর মাঠে নামা হচ্ছে না এই তরুণ ফরোয়ার্ডের।
ইসমাইলের পরিবর্তে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সাব্বির হোসেন কনককে। টুর্নামেন্টের বাকি অংশে ইসমাইলের অফিসিয়াল রিপ্লেসমেন্ট হিসেবে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
দলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে হারানো নিঃসন্দেহে বাংলাদেশের জন্য বড় ধাক্কা। তবে নতুন করে দলে সুযোগ পাওয়া সাব্বিরের কাছ থেকে এখন ভালো পারফরম্যান্সের প্রত্যাশা থাকবে টিম ম্যানেজমেন্টের।
ইসমাইলের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট ও বাংলাদেশ হকি ফেডারেশন। একই সঙ্গে দলের নতুন সদস্য সাব্বির হোসেন কোনককেও স্বাগত জানানো হয়েছে।


