‘আমিই বিশ্বের সেরা’ বললেন এমবাপে

ব্যালন ডি’অর না জিতলেও নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে কিলিয়ান এমবাপের মনে কোনো সংশয় নেই। বিশ্বের সেরা ফুটবলার কে-এমন প্রশ্নে নিজের নামটাই সবার আগে রেখেছেন ফ্রান্সের অধিনায়ক। তাঁর সোজাসাপ্টা কথা, ‘আমি সবসময়ই মনে করি, আমিই বিশ্বের সেরা।’

গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪ ম্যাচে ৪২ গোল করেছেন এমবাপে। ব্যক্তিগত পারফরম্যান্স দুর্দান্ত হলেও বড় কোনো ক্লাব শিরোপা জিততে পারেননি তিনি। বিশ্বকাপে অবশ্য ১০ গোল করে জিতেছেন গোল্ডেন বুট। এবারের ব্যালন ডি’অর জয়েরও ভালো সুযোগ দেখছেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ব্যালন ডি’অর নিয়ে কথা বলতে গিয়েই নিজের শ্রেষ্ঠত্বের দাবি করেছেন এমবাপে। তিনি বলেন, ‘আমি সবসময়ই মনে করি, আমিই বিশ্বের সেরা। তবে সবার নিজস্ব মতামত আছে। হয়তো মানুষ ভিন্নভাবে ভাবে। আমার মনে হয় না, এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে।’

তবে পুরস্কারটি জেতার সিদ্ধান্ত যে তাঁর হাতে নেই, সেটিও জানেন এমবাপে। তাঁর ভাষায়, ‘অবশ্যই, এ বছর আমার জন্য ব্যালন ডি’অর জয়ের ভালো সুযোগ হতে পারে। তবে সাংবাদিকরাই ভোট দেন।’

ব্যক্তিগত অর্জনের দিক থেকে অবশ্য এমবাপের পাল্লা ভারী। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর ১০৭ ম্যাচে করেছেন ৯০ গোল। টানা আট মৌসুম লিগের সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন-ফ্রান্সে ছয়বার ও স্পেনে দুবার। বিশ্বকাপে দুবার এবং চ্যাম্পিয়নস লিগে দুবার গোল্ডেন বুট জিতেছেন তিনি। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপও জিতেছেন।

তবে ক্লাব ফুটবলে এখনো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতা হয়নি এমবাপের। পিএসজি ছাড়ার পর সাবেক ক্লাবটি প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জেতায় বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। এসব নিয়ে অবশ্য ভাবতে চান না তিনি।

এমবাপে এখন অতীত নয়, ভবিষ্যতের দিকেই তাকাতে চান। তাঁর লক্ষ্য রিয়ালকে জেতানো এবং চ্যাম্পিয়নস লিগের মৌসুম ভালোভাবে শুরু করা।

spot_imgspot_img
spot_img

Hot Topics

Related Articles