এল ক্লাসিকোর আগে বাবাকে হারালেন হান্সি ফ্লিক । স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের ঠিক আগে ব্যক্তিগত শোকের মুখে পড়েছেন বার্সেলোনার প্রধান কোচ হান্সি ফ্লিক। ম্যাচের কয়েক ঘণ্টা আগেই মারা গেছেন তার বাবা। শোকের এমন কঠিন সময়েও রোববার রাতে এল ক্লাসিকোতে বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এই জার্মান কোচ।
রোববার বিকেলে এক বিবৃতিতে ৬১ বছর বয়সী ফ্লিকের বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে বার্সেলোনা। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ফ্লিকের বাবার মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত। বার্সেলোনা পরিবার এই দুঃসময়ে ফ্লিক ও তার পরিবারের পাশে আছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বার্সেলোনার পাশাপাশি প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদও শোকবার্তা প্রকাশ করেছে। ক্লাবটি জানায়, হান্সি ফ্লিকের বাবার মৃত্যুতে তারা গভীর শোক প্রকাশ করছে এবং তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
আজকের এল ক্লাসিকোতে ড্র করলেই বার্সেলোনা দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো লা লিগা শিরোপা নিশ্চিত করবে। তাই শিরোপার দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা ম্যাচটি বার্সার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ফ্লিকের জন্যও আবেগঘন এক রাত হয়ে উঠতে যাচ্ছে।
২০২৪ সালে জাভি হার্নান্দেজের স্থলাভিষিক্ত হয়ে বার্সেলোনার দায়িত্ব নেন হান্সি ফ্লিক। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি দলকে শিরোপার লড়াইয়ে টিকিয়ে রেখেছেন। এখন বাবার মৃত্যুশোক নিয়েই তাকে আরও এক বড় ম্যাচ সামলাতে হবে।
