কেন্টে এবার রঙিন পোশাকের অপেক্ষায় হাসান মাহমুদ । কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ইংল্যান্ডের কাউন্টি ক্লাব কেন্ট এবার তাকে দলে নিয়েছে টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র (এনওসি) পেলে রোববার হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়েই ইংল্যান্ডের জনপ্রিয় ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে অভিষেক হতে পারে তার।
শনিবার এক বিবৃতিতে হাসানকে টি-টোয়েন্টি ব্লাস্টের দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে কেন্ট। তিনটি ম্যাচে খেলার সুযোগ পাবেন ২৬ বছর বয়সী এই ডানহাতি পেসার। এরপর শ্রীলঙ্কা লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো ক্যাপসের হয়ে খেলতে যাওয়ার কথা রয়েছে তার।
গত মাসে কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত ছন্দে ছিলেন হাসান। অভিষেক ম্যাচেই ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ক্যারিয়ারসেরা বোলিং করে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করেন এবং দলের জয়ে বড় ভূমিকা রাখেন।
পরের ম্যাচেও তিনটি উইকেট নিয়ে নিজের ধারাবাহিকতা ধরে রাখেন। লাল বলের ক্রিকেটে এই সফল পারফরম্যান্সই তার জন্য সাদা বলের দলেও সুযোগ এনে দিয়েছে। দেশের বাইরে এবারই প্রথম কোনো ফ্র্যাঞ্চাইজি বা ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন হাসান। টি-টোয়েন্টি ব্লাস্টে তিনি হবেন চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার। এর আগে এই প্রতিযোগিতায় খেলেছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ২৮টি উইকেট নিয়েছেন হাসান। যদিও গত এক বছরে জাতীয় দলের হয়ে কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। তবে সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালি এক্সপ্রেসের হয়ে ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। পুরো আসরে তার ইকোনমি ছিল ওভারপ্রতি মাত্র ৬ রান।
কেন্টের প্রকাশিত বিবৃতিতে হাসান জানিয়েছেন, টি-টোয়েন্টি ব্লাস্টকে তিনি জাতীয় দলের সাদা বলের ক্রিকেটে ফেরার বড় সুযোগ হিসেবে দেখছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩






















