বিশ্বকাপ ফুটবলে দারুণ সব কীর্তি গড়ার হাতছানি ছিল আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির সামনে। কাতারে বিশ্বকাপ জিতলেও নিউ জার্সিতে সেই স্বপ্ন পূরণ হয়নি স্ক্যালোনির। স্পেনের কাছে হেরে দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে আর্জেন্টিনার কোচকে। শিরোপা জিততে ব্যর্থ হওয়ায় আশাহত হলেও অসন্তুষ্ট নন স্ক্যালোনি। তিনি বলেন, এই পর্যায়ে দ্বিতীয় হওয়া কম গর্বের নয়।
রবিবার বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর স্ক্যালোনি বলেন, মাঠে তার দল সর্বোচ্চ চেষ্টা করেছে। এ সময়ে তিনি নিজের এবং অধিনায়ক লিওনেল মেসির ভবিষ্যত নিয়ে কথা বলেন।
স্ক্যালোনি বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু আমরা পারিনি। যারা দেশকে আরও একবার ফাইনালে তুলেছে তাদের সবাইকে ধন্যবাদ। তারা শেষ পর্যন্ত লড়ছে। আমরা জিতলেও দারুণ দল ছিলাম। হারলেও তার ব্যতিক্রম নই। আমরা দারুণ দলই থাকবো। যাহোক খেলোয়াড়, সমর্থক, দেশবাসী-সবাইকে ধন্যবাদ। আজকের মতো যদি মাঠে নিজেদের সর্বস্ব নিংড়ে দেওয়া হয় তাহলে তার মতো গর্বের আর কিছু নেই। হারলে আবার ঘুরে দাঁড়ানো শিখতে হয়। আর কোনো রাস্তা নেই।

স্ক্যালোনি বলেন, আমরা দ্বিতীয় হয়েছি, মানুষ আমাদেরও মনে রাখবে। এ জায়গায় আসতে অনেক কষ্ট করতে হয়েছে। আমরা জয়ের জন্য মাঠে নেমেছিলাম। স্বাভাবিকভাবে সকলে হতাশ। কিন্তু মাঠে নেমে সবকিছু দেওয়ার পর জয় না পেলে অতটা ভেঙে পড়ার কিছু নেই।
মেসিকে নিয়ে যা বললেন
মেসির শেষ ম্যাচ কিনা- এ বিষয়ে স্ক্যালোনি বলেন, এখন তার বয়স ৩৯ বছর। অবিশ্বাস্য। ওর থেকে আমি নতুন কিছু আর বের করতে পারবো না। আমি আগেও বলেছিলাম, এখনও বলছি, সে যতদিন খেলতে চায় ততদিন খেলতে পারে। সব সমর্থক, সতীর্থরা তার পাশে থাকবে। আমি নিশ্চিত প্রত্যেকে তাকে নিয়ে গর্বিত। মেসি যা অর্জন করেছে, নিঃসন্দেহে সে সর্বকালের সেরা ফুটবলার।
নিজের সম্পর্কে স্ক্যালোনি
ভবিষ্যত বিষয়ে স্ক্যালোনি বলেন, আর্জেন্টিনার কোচ হিসেবে তার সময় হয়তো শেষ। তিনি বলেন, সত্যি বলতে আমি এখনো মেসির সঙ্গে কথা বলিনি। সভাপতির সঙ্গে কথা বলতে হবে। আমার চুক্তি ডিসেম্বরে শেষ হবে। আপাতত চুক্তির শেষ সময় পর্যন্ত দায়িত্ব পালন করতে চাই। তারপর দেখতে হবে কি করা যায়। এত বড় কিছু আর অর্জন করতে পারবো কিনা জানিনা। তবে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য সভাপতিকে ধন্যবাদ।


