নকআউটের আগে কেপ ভার্দের অধিনায়ককে ঘিরে বড় বিতর্ক । ২০২৬ বিশ্বকাপে এবার রূপকথার গল্প লিখছে কেপ ভার্দে। সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ের মতো কঠিন গ্রুপে পড়েও সব বাধা পেরিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্রটি। মাত্র ৫ লাখ ৩০ হাজার জনসংখ্যার দেশ হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্ব পার করা সবচেয়ে ছোট দেশও এখন কেপ ভার্দে।
তবে মাঠে ইতিহাস গড়ার মাঝেই বড় বিতর্কে জড়িয়েছেন দলটির অধিনায়ক রায়ান মেন্দেস।
ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, এক ব্রাজিলিয়ান নারীকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে নিউজিল্যান্ড পুলিশ।
অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের মার্চে প্রীতি ম্যাচ খেলতে কেপ ভার্দে দল নিউজিল্যান্ডের অকল্যান্ড সফরে যায়। ওই সফরে নিউজিল্যান্ড ফুটবল সংস্থার হয়ে দলের দোভাষী হিসেবে কাজ করছিলেন ওই নারী।
তার দাবি, কাজের কথা বলে তাকে দলের হোটেলে ডাকা হয়। পরে অসুস্থ বোধ করলে নিজ কক্ষে ফিরে যান তিনি। কিছুক্ষণ পর রায়ান মেন্দেস জোর করে কক্ষে ঢুকে তাকে ধর্ষণ করেন। বাধা দিতে গেলে শারীরিকভাবে নির্যাতনও করা হয় বলে অভিযোগ।
ভুক্তভোগী নারী নিউজিল্যান্ড পুলিশের কাছে শরীরের আঘাতের ছবি, ফরেনসিক রিপোর্টসহ বিভিন্ন প্রমাণ জমা দিয়েছেন। পুলিশ জানিয়েছে, তারা হোটেলের সিসিটিভি ফুটেজ, চিকিৎসা সংক্রান্ত তথ্য এবং সাক্ষীদের বক্তব্য সংগ্রহ করেছে।
তবে এখন পর্যন্ত রায়ান মেন্দেসের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোনো মামলা করা হয়নি।
এ ঘটনায় ফিফা এবং কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের কাছেও অভিযোগ জানিয়েছেন ওই নারী। এমনকি বিশ্বকাপ স্কোয়াড থেকে মেন্দেসকে বাদ দেওয়ার অনুরোধও করেছিলেন তিনি। তবে তার দাবি, কোনো পক্ষ থেকেই সাড়া মেলেনি।
উল্টো কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা ঘটনাটিকে রায়ান মেন্দেসের ‘ব্যক্তিগত বিষয়’ বলে মন্তব্য করেছেন।
তদন্ত চললেও আপাতত আর্জেন্টিনার বিপক্ষে ৪ জুলাইয়ের রাউন্ড অব ৩২ ম্যাচে খেলতে বাধা নেই ৩৬ বছর বয়সী এই উইঙ্গারের। কারণ আইন অনুযায়ী, দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাকে নির্দোষ হিসেবেই বিবেচনা করা হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩























