মেসির বিদায়ী ম্যাচে থাকছেন না বিশ্বকাপজয়ী পাঁচ তারকা

অবশেষে অপেক্ষার অবসান। লিওনেল মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে আবেগঘন পরিবেশ। বুধবার বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে হতে যাওয়া বিশেষ এই আয়োজনে উপস্থিত থাকবেন কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অনেক সদস্য। তবে ক্লাবের অনুমতি না পাওয়া ও অন্যান্য কারণে বিশ্বচ্যাম্পিয়ন দলের পাঁচ ফুটবলারকে দেখা যাবে না এই আয়োজনে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়া আগেই জানিয়েছিলেন, কাতার বিশ্বকাপজয়ী সব খেলোয়াড় ও তাঁদের পরিবারকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সবাই মেসির এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে পারছেন না।

ইতালিয়ান ক্লাব রোমার হয়ে খেলা নাহুয়েল মোলিনা ও পাওলো দিবালাকে অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি দেয়নি ক্লাবটি। দীর্ঘ ভ্রমণ এবং সামনে থাকা ক্লাবের ম্যাচগুলোর ব্যস্ত সূচির কারণে তাঁদের আর্জেন্টিনা যাওয়ার ছাড়পত্র দেওয়া হয়নি।

তবে রোমারই দুই তরুণ ফুটবলার মাতিয়াস সুলে ও সান্তিয়াগো কাস্ত্রো আর্জেন্টিনা দলের প্রীতি ম্যাচের স্কোয়াডে থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারছেন। মোলিনা অবশ্য ফিফার সাত ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় জাতীয় দলের বর্তমান স্কোয়াডে নেই। দিবালাও বেশ কিছুদিন ধরে দলের বাইরে।

রোমা এক বিবৃতিতে জানিয়েছে, মেসির সঙ্গে সম্পর্কিত এবং ২০২২ বিশ্বকাপজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মোলিনা ও দিবালার জন্য এই আয়োজনটির গুরুত্ব তারা বোঝে। তবে দীর্ঘ ভ্রমণ এবং ক্লাবের পরবর্তী ম্যাচের সময়সূচির কথা বিবেচনা করেই তাঁদের ছাড়পত্র দেওয়া হয়নি।

বিশ্বকাপজয়ী আরেক তারকা আলেহান্দ্রো ‘পাপু’ গোমেসও থাকছেন না। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ক্লাব ফোর্তে ভির্টুসে যোগ দিয়েছেন তিনি। কাতার বিশ্বকাপের পর ডোপিং নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন গোমেস। পরবর্তী সময়ে সতীর্থদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনও তাঁকে জাতীয় দল থেকে দূরে সরিয়ে দেয়।

গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানিও থাকছেন না মনুমেন্তালে। কলম্বিয়ার ক্লাব আতলেতিকো নাসিওনালের হয়ে বুধবার দেপোর্তেস তোলিমার বিপক্ষে তাঁর ম্যাচ রয়েছে।

এদিকে হুয়ান ফয়েথের অনুপস্থিতির কারণ চোট। শুরুতে তাঁকে দলে ডাকা হলেও পরে চোটের কারণে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। বর্তমানে স্পেনে ফিরে যাওয়ায় তাঁর ক্লাব ভিয়ারিয়ালও নতুন করে আর্জেন্টিনা সফরের অনুমতি দেয়নি।

ফলে মেসির বিদায়ী আয়োজনে কাতার বিশ্বকাপজয়ী দলের বেশির ভাগ সদস্য থাকলেও পাঁচ বিশ্বচ্যাম্পিয়নের অনুপস্থিতি কিছুটা অপূর্ণতা তৈরি করবে। তবু মনুমেন্তালে বুধবারের আয়োজনটি হয়ে উঠতে যাচ্ছে আর্জেন্টাইন ফুটবলের এক আবেগঘন অধ্যায়—যেখানে প্রিয় ‘লিও’কে ঘিরে স্মৃতির পাতায় যুক্ত হবে আরও একটি বিশেষ মুহূর্ত।

spot_imgspot_img
spot_img

Related Articles