শান মাসুদকে সরিয়ে ফের পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম। টানা ব্যর্থতার পর তুমুল সমালোচনা পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টেস্ট দলের নেতৃত্বে বড় পরিবর্তন এনেছে। টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে শান মাসুদকে সরিয়ে আবারও দায়িত্ব দেওয়া হয়েছে বাবর আজমকে।
আগামী ২৫ জুলাই ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে দ্বিতীয় দফায় টেস্ট অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন বাবর। গত মে মাসে বাংলাদেশ সফরে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পর থেকেই শান মাসুদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। শেষ পর্যন্ত সেই ব্যর্থতার দায় কাঁধে নিয়েই নেতৃত্ব হারাতে হলো তাকে।
প্রায় তিন বছর আগে বাবর আজমের কাছ থেকেই টেস্ট অধিনায়কত্ব পেয়েছিলেন মাসুদ। তবে তার অধিনায়কত্বে পাকিস্তান ১৬টি টেস্টের মধ্যে ১২টিতেই পরাজিত হয়, যা টেস্ট ইতিহাসে প্রথম ১৬ ম্যাচে কোনো অধিনায়কের সবচেয়ে বাজে রেকর্ডগুলোর একটি।
পিসিবির হাই পারফরম্যান্স পরিচালক আকিব জাভেদ জানিয়েছেন, শুধু ফলাফল নয়, ম্যাচ পরিচালনা, ওভার রেট, ডিআরএস ব্যবহারের সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে নেতৃত্বের ঘাটতির কারণেই এই পরিবর্তন আনা হয়েছে। তার মতে, কয়েকটি ম্যাচে জয় হাতছাড়া হওয়ার পেছনে নেতৃত্বের সিদ্ধান্তও বড় ভূমিকা রেখেছে।
তবে অধিনায়কত্ব হারালেও দলে নিজের জায়গা ধরে রেখেছেন শান মাসুদ। ব্যাটসম্যান হিসেবে তার পারফরম্যান্স সন্তোষজনক হওয়ায় তাকে স্কোয়াডে রাখা হয়েছে বলে জানিয়েছে পিসিবি।
অন্যদিকে, সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ছন্দে না থাকলেও বাবর আজমের নেতৃত্বের অভিজ্ঞতার ওপরই ভরসা রেখেছে পাকিস্তান। আগের দফায় তার অধিনায়কত্বে পাকিস্তান ২০ টেস্টের ১০টিতে জয় পেয়েছিল। সেই সময়ে অধিনায়ক হিসেবে তার ব্যাটিং গড় ছিল ৫০.৭৯, যা অধিনায়কত্ব ছাড়া তার গড়ের তুলনায় অনেক ভালো।
ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আলি উসমান, ব্যাটসম্যান মুহাম্মদ আওয়াইস জাফার এবং পেসার উবেইদ শাহ। তবে ইনজুরির কারণে জায়গা হয়নি তার বড় ভাই নাসিম শাহর।
ওয়েস্ট ইন্ডিজ সফরের পর পাকিস্তান তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ খেলবে তারা। তাই নতুন নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে বাবর আজমের সামনে।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ ফাজাল, আলি উসমান, আজান আওয়াইস, ইমাম-উল-হাক, খুররাম শাহজাদ, মোহাম্মাদ আব্বাস, মোহাম্মদ আলি, মোহাম্মাদ রিজওয়ান, মুহাম্মদ আওয়াইস জাফর, মুহাম্মদ গাজি ঘোরি, সাজিদ খান, সালমান আলি আগা, শান মাসুদ, উবেইদ শাহ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











