জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজও কঠিন হবে বলে মনে করেন পেসার শরিফুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে প্রত্যাশিত ফল না পাওয়ার পর এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য বাংলাদেশের। তবে সফরকারীদের সামনে যে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেটি মনে করিয়ে দিয়েছেন জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। তার মতে, জিম্বাবুয়ের কন্ডিশন সবসময়ই ভিন্ন ধরনের পরীক্ষা নেয়, তাই নিজেদের সেরাটা খেলতে পারলেই ভালো ফল পাওয়া সম্ভব।
জিম্বাবুয়ে থেকে পাঠানো এক ভিডিও বার্তায় শরিফুল জানান, সফরের শুরুতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে কিছুটা সময় লাগলেও এখন দল অনেকটাই প্রস্তুত। তিনি বলেন, দলের সবাই কয়েক দিন ধরেই অনুশীলন করছে এবং স্থানীয় আবহাওয়া ও উইকেটের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করেছে।
শরিফুলের ভাষায়, ‘আলহামদুলিল্লাহ, আমরা এখানে বেশ কয়েক দিন ধরে আছি। এখানকার আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এখন সবাই ভালো অবস্থায় আছে। অনুশীলনেও সবাই ভালো করছে। চেষ্টা থাকবে ম্যাচেও সেই প্রস্তুতির প্রতিফলন দেখানোর।”
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওয়ানডে দলের ধারাবাহিক পারফরম্যান্স শরিফুলকে আশাবাদী করছে। তিনি মনে করেন, দল যদি আগের মতো নিজেদের পরিকল্পনা ও প্রক্রিয়া অনুসরণ করতে পারে, তাহলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব।
তিনি বলেন, ‘গত কয়েকটি সিরিজে আমরা ভালো খেলেছি এবং জিতেছি। সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে এটা ওদের হোম কন্ডিশন, তাই ম্যাচ সহজ হবে না।”
তবে প্রতিপক্ষের মাঠের চ্যালেঞ্জ নিয়ে অতিরিক্ত ভাবতে চান না এই বাঁহাতি পেসার। তার মতে, প্রতিটি ক্রিকেটারের উচিত নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা এবং দলের পরিকল্পনা বাস্তবায়ন করা। তাহলেই কাঙ্ক্ষিত সাফল্য আসবে।
ব্যক্তিগত লক্ষ্য নিয়ে প্রশ্ন করা হলে শরিফুল স্পষ্ট জানিয়ে দেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলগত সাফল্যই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো প্রত্যাশা নেই। আমি চাই দল হিসেবে আমরা সিরিজ জিতি। সবাই ভালো পারফর্ম করুক এবং বাংলাদেশ যেন ওয়ানডে সিরিজ জিতে দেশে ফিরতে পারে।’
টেস্টের হতাশা পেছনে ফেলে এখন নতুন করে আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে সিরিজে নামতে প্রস্তুত বাংলাদেশ। আর সেই পথে শরিফুল ইসলামের বার্তা একটাই-চ্যালেঞ্জ থাকবে, কিন্তু নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলেই সিরিজ জয়ের সম্ভাবনা উজ্জ্বল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















