ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে পর্তুগালের ফুটবলে যখন চলছে নানা আলোচনা-সমালোচনা, তখন মাঠের পারফরম্যান্সে ঠিকই দারুণ ছন্দে আছে দলটি। নতুন কোচ জর্জে জেজুসের অধীনে নেশন্স লিগে চার ম্যাচের সবকটিতে জয়ের পর এবার ফিফা র্যাঙ্কিংয়েও উন্নতি করেছে পর্তুগাল।
বুধবার প্রকাশিত সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে পর্তুগাল। এর ফলে আগের পাঁচ নম্বরে থাকা ব্রাজিল নেমে গেছে ছয়ে। এক ধাপ পিছিয়ে সাত নম্বরে আছে মরক্কো।
শীর্ষস্থান ধরে রেখেছে ইউরো ও বিশ্বকাপজয়ী স্পেন। আগের মতোই দ্বিতীয় অবস্থানে আছে আর্জেন্টিনা। তিন ও চার নম্বরেও কোনো পরিবর্তন নেই-ফ্রান্স তৃতীয় এবং ইংল্যান্ড চতুর্থ।
আট থেকে দশ নম্বরেও অবস্থান অপরিবর্তিত। বেলজিয়াম, নেদারল্যান্ডস ও মেক্সিকো যথাক্রমে অষ্টম, নবম ও দশম স্থানে আছে। দুই ধাপ এগিয়ে সুইজারল্যান্ড উঠেছে ১২ নম্বরে। এক ধাপ পিছিয়ে ১৩ নম্বরে নেমেছে জার্মানি। আন্তর্জাতিক বিরতিতে চার ম্যাচের সবকটিতে জয় পেলেও র্যাঙ্কিংয়ে কোনো উন্নতি হয়নি যুক্তরাষ্ট্রের। আগের মতোই ১৬ নম্বরে আছে তারা।
এশিয়ার দেশ গুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে জাপান। ১৭ নম্বরে থাকা দলটিই মহাদেশটির শীর্ষস্থানীয় দল। সর্বশেষ র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় উন্নতি করেছে রুয়ান্ডা। গত ২৫ সেপ্টেম্বর লাইবেরিয়াকে হারানোর চার দিন পর বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দেকেও হারিয়েছে তারা। টানা দুই জয়ে র্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়ে ১১৯ নম্বরে উঠে এসেছে রুয়ান্ডা।
অন্যদিকে আসিয়ান কাপে ব্যর্থতার প্রভাব পড়েছে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে। এক ধাপ পিছিয়ে ১৮২ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দল গুলোর মধ্যে শীর্ষে থাকা ভারত অবশ্য আগের ১৩৮ নম্বর অবস্থানেই আছে।




