আল নাসরের শিরোপা জয়ের আরও একটি সুযোগ হাতছাড়া হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। শনিবার রাতে তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জাপানের গাম্বা ওসাকার কাছে হেরে গেছে। ১-০ গোলে তাদের হারিয়ে শিরোপা জয় করেছে গাম্বা ওসাকা।
ওসাকার কাছে হারের ফলে আল নাসরের হয়ে শিরোপা জয়ের খরাটা আরও দীর্ঘায়িত হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর। প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি যখন ইন্টার মায়ামির হয়ে একের পর এক সাফল্য পাচ্ছেন ঠিক তখনই একের পর এক ব্যর্থতা তার হতাশা বাড়িয়ে চলেছে। ২০২২ সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দেওয়ার পর একের পর ফাইনাল খেললেও শিরোপার দেখা পাননি।
আল নাসরে যোগ দেওয়ার পর একবারই মাত্র শিরোপা জয়ের উৎসব করার সুযোগ পেয়েছেন রোনালদো। ২০২৩ সালে জয় করেছেন আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ। এতে অবশ্য তার শিরোপা খরা ঘুচেছে ঠিকই তবে এটি আনুষ্ঠানিক কোনো প্রতিযোগিতা নয়।
আরও একটা সুযোগ
বিশ্বকাপের আগে শিরোপা খরা ঘোঁচানোর আরও একটা সুযোগ পাচ্ছেন রোনালদো। সৌদি প্রো লিগে আগামী ২১ মে তার দল দামাকের মুখোমুখি হবে। এদিন জিতলেই তারা লিগ চ্যাম্পিয়ন হবে। তবে তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলে চলেছে আল হিলাল। শিরোপা লড়াইয়ে তারা রয়েছে। তাদের পথটা অবশ্য একটু কঠিন। আল নাসর নিজ ম্যাচে জয় পেলে আল হিলালের কোনো সম্ভাবনা থাকবে না। শিরোপা জিততে আল হিলালকে যেমন নিজেদের ম্যাচে জিততে হবে তেমনি আল নাসরকে পয়েন্ট হারাতে হবে। বর্তমানে ৩৩ ম্যাচ শেষে আল নাসর ৮৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে। আল হিলালের সংগ্রহ সমান ম্যাচে ৮১ পয়েন্ট।
দূর্ভাগ্য রোনালদোর
গত ১২ মে তারা সৌদি প্রো লিগের শিরোপা জয়ের উৎসব করতে পারতো। তেমনই সম্ভাবনা তৈরি করেছিল। সেদিন আল হিলালের বিপক্ষে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন হতো। সে পথেই এগুচ্ছিলো দলটি। ৩৭ মিনিটে পাওয়া গোলের সুবাদে তারা এগিয়ে ছিল। কিন্তু ৯৮ মিনিটে আত্মঘাতি গোল তাদেরকে থমকে দেয়। তাদের উৎসবের প্রস্তুতি মাটি হয়ে যায়। এখন অপেক্ষা শেষ ম্যাচের।
ওসাকার বিপক্ষে আল নাসরের লড়াইটি ছিল ভক্তদের জন্য হতাশার। নিজেদের মাঠের খেলায় দারুণ সব সুযোগ তৈরি করেছিল দলটি। কিন্তু সে সব সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। বরং ৩০ মিনিটের সময় হুমেটের করা গোল গাম্বার জয় নিশ্চিত করে।
