বিদায় বেলায় যে সম্মাননা পাচ্ছেন রুবেল । সর্বশেষ ২০২১ সালের এপ্রিলে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন ডান হাতি পেসার রুবেল হোসেন। এরপর আর জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি তিনি। লম্বা সময় দলের বাইরে থাকা এই পেসার গত সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দেন রুবেল।
তবে অবসর নেওয়ার সপ্তাহখানেক পার না হতেই বিসিবির সম্মাননা পাচ্ছেন রুবেল। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে মিরপুর শেরে-ই বাংলায় তাকে সম্মাননা দেবে বিসিবি। সেখানে তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হবে। উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি তামিম ইকবালও।
বিদায় বেলায় সম্মাননা নিয়ে রুবেল বলেন, ‘ক্রিকেট বোর্ড সম্মান দেখিয়ে আমাকে সম্মাননা দিতে চেয়েছে, খুব ভালো লাগছে বিষয়টা। নাফিস ভাই ফোন করেছিলেন, এর আগে সভাপতি তামিম ভাইও ফোন করে জানিয়েছিলেন। মাঠ থেকে খেলে অবসর নিতে পারিনি, তবে এমন সম্মাননা মাঠ থেকে পেলে ভালো লাগবে।
বাংলাদেশের হয়ে ২৭ টেস্ট খেলেছেন রুবেল। ৪৪ ইনিংসে বোলিং করে তিনি শিকার করেছেন ৩৬ উইকেট। ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ইনিংসে ১৬৬ রানে ৫ উইকেট, আর ম্যাচে ২১০ রানে ৫ উইকেট। টেস্টে ফাইফার পেয়েছেন একবার। তার বোলিং গড় প্রায় ৭৭ এবং স্ট্রাইকরেট ১১৭।
টেস্টের চেয়ে রঙিন পোশাকে রুবেলের পারফরম্যান্স ভালো ছিল। ১০৪ ওয়ানডে খেলে ১০২ ইনিংসে বোলিং করে ১২৯ উইকেট পেয়েছেন তিনি। তার বোলিং গড় প্রায় ৩৪, ইকোনমি ৫.৬৭ ও স্ট্রাইকরেট ৩৬.২। এই সংস্করণে তার ক্যারিয়ার সেরা বোলিং ২৬ রানে ৬ উইকেট।
টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচ খেলে নামের পাশে যোগ করেছেন ২৮ উইকেট। যেখানে ওভার প্রতি তিনি রান খরচ করেছেন ৯.৪৫। তার সেরা বোলিং ফিগার ৩১ রানে ৩ উইকেট।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















