Home Blog Page 30

বেলিংহামের জাদুতে মালাগাকে উড়িয়ে রিয়ালের টানা তৃতীয় জয়

0

হোসে মরিনহোর দ্বিতীয় অধ্যায় যেন স্বপ্নের মতোই এগোচ্ছে রিয়াল মাদ্রিদে। টানা তৃতীয় ম্যাচে জয়, এবার প্রতিপক্ষ মালাগা। সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-০ গোলের দাপুটে জয়ে লা লিগায় শতভাগ জয় ধরে রেখেছে রিয়াল। আর সেই জয়ের মূল নায়ক জুড বেলিংহাম।

ম্যাচের ১৯ মিনিটেই নিজের ব্যক্তিগত নৈপুণ্যে রিয়ালকে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার। ৩০ গজেরও বেশি দূর থেকে বল পেয়ে একে একে তিন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে পড়েন বেলিংহ্যাম। এরপর দূরহ কোণ থেকে গোলরক্ষক আলফোনসো হেরেরোর দুই পায়ের মাঝ দিয়ে বল জালে পাঠিয়ে উদ্‌যাপনে মাতেন বার্নাব্যুর দর্শকেরা।

মাত্র পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়। কিলিয়ান এমবাপ্পের প্রথম প্রচেষ্টা ঠেকিয়ে দিয়েছিলেন হেরেরো। তবে ফিরতি বলে বেলিংহামের হেড থেকে বল গোলমুখে এগিয়ে যায়। ক্লিয়ার করতে গিয়ে কার্লোস পুগার পায়ে লেগে বল আবার হেরেরোর গায়ে প্রতিহত হয়ে জালে জড়ায়। আত্মঘাতী গোলের মাধ্যমে ২-০ এগিয়ে যায় রিয়াল।

এরপর চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা এমবাপ্পে যোগ করেন তৃতীয় গোল। ত্রয়োদশ মিনিটের পর থেকে আক্রমণের ধার ধরে রাখা রিয়ালকে ৩০ মিনিটের মধ্যেই তিন গোলের লিড এনে দেন ফরাসি তারকা। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের নিখুঁত ক্রস থেকে দারুণ ভলিতে বল জালে পাঠান তিনি। রিয়ালের জার্সিতে এ মৌসুমে এটি এমবাপ্পের চতুর্থ গোল।

গোল পেয়েছেন কিলিয়ান এমবাপ্পেও

দ্বিতীয়ার্ধেও আক্রমণ থামায়নি স্বাগতিকরা। এমবাপ্পে আরও একটি সুযোগ তৈরি করেছিলেন, আর বেলিংহ্যামের শট পোস্টে লেগে ফিরে আসে। আলেকজান্ডার-আর্নল্ড ও বেলিংহামের আরও কয়েকটি প্রচেষ্টা রুখে ব্যবধান বাড়াতে দেননি মালাগা গোলরক্ষক হেরেরো।

ম্যাচের শেষ দিকে অবশ্য মালাগার সামনে পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ এসেছিল। রিয়ালের বদলি খেলোয়াড় ইয়ান দিয়োমান্দের হাতে বল লাগার ঘটনায় পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু ভিএআরের সহায়তায় পরে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়।

যোগ করা সময়ে মালাগার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন আরদা গুলের। নিজের অর্ধ থেকে দৌড় শুরু করে ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে ওয়ান-টু করে বক্সে ঢুকে সহজেই বল জালে পাঠান তুর্কি তরুণ।

মরিনহো ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়ালের দায়িত্বে ছিলেন। এবার গ্রীষ্মে ফেরার পর বৃহস্পতিবার রিয়াল সোসিয়েদাদকে ৪-১ গোলে হারানোর পর মালাগার বিপক্ষেও চার গোলের জয় পেল তার দল। নতুন অধ্যায়ে এখন পর্যন্ত তিন ম্যাচে তিন জয়-গোলের ব্যবধানও দারুণ।

রিয়ালের পরবর্তী পরীক্ষা রিয়াল বেতিসের মাঠে। এরপর চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে তারা।

ফার্নান্দেজের হ্যাটট্রিকে ঘুরে দাঁড়াল ম্যানচেস্টার ইউনাইটেড

0

হাল সিটির বিপক্ষে লজ্জাজনক হারের পর নিজেদের মাঠেও শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো। তবে শেষ পর্যন্ত দুর্দান্ত প্রত্যাবর্তনে স্বস্তি ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেডে। ব্রুনো ফার্নান্দেজের হ্যাটট্রিকের নৈপুণ্যে ইপসউইচ টাউনকে ৫-২ গোলে হারিয়েছে মাইকেল ক্যারিকের দল।

প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে গত সপ্তাহে হাল সিটির কাছে হতাশাজনক পরাজয়ের পর ইপসউইচের বিপক্ষেও শুরুতে চাপে পড়ে ইউনাইটেড। ২৯ মিনিটে লেইফ ডেভিসের গোলে এগিয়ে যায় সফরকারীরা। ইউনাইটেডের রক্ষণে বিশেষ করে বাঁ প্রান্তে লুক শ-কে বারবার সমস্যায় ফেলছিলেন আবদুল ফাতাউ।

তবে পিছিয়ে পড়ার পরই ম্যাচের চিত্র বদলাতে শুরু করে স্বাগতিকরা। ৪০ মিনিটে মার্সেলিনো নুনিয়েজের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্রুনো ফার্নান্দেজকে বল বাড়িয়ে দেন মাতেউস কুনহা। শক্তিশালী শটে গোল করে ম্যাচে সমতা ফেরান ইউনাইটেড অধিনায়ক।

দ্বিতীয়ার্ধে আরও আগ্রাসী হয়ে ওঠে ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৬ মিনিটে গোলের দেখা পান ব্রায়ান এমবুমো। এরপর হ্যারি ম্যাগুয়ারের শট জ্যাকব গ্রিভসের গায়ে লেগে জালে জড়ালে দ্বিতীয় গোল পায় স্বাগতিকরা। হাত দিয়ে বল নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা নিয়ে ভিএআর পর্যালোচনা হলেও ঘটনাটিকে অনিচ্ছাকৃত বিবেচনা করে গোল বহাল রাখা হয়।

সমর্থকদের ভালোবাসার জবাবে ব্রুনো ফার্নান্দেজ

এরপর ইপসউইচের বিপদ আরও বাড়ে। মাতেউস কুনহাকে ফাউল করে পেনাল্টি উপহার দেন গ্রিভস। ৬১ মিনিটে গোলরক্ষক কিয়েল শেরপেনের মানসিক চাপ উপেক্ষা করে স্পটকিক থেকে নিজের দ্বিতীয় গোল করেন ফার্নান্দেজ।

এরপর ৬৮ মিনিটে পূর্ণ হয় পর্তুগিজ মিডফিল্ডারের হ্যাটট্রিক। কাছ থেকে বল জালে পাঠিয়ে দলের জয় প্রায় নিশ্চিত করে দেন তিনি। পরে এমবুমোও গোল করে ব্যবধান বাড়ান। শেষ মুহূর্তে ইপসউইচের হয়ে চুবা আকপম একটি গোল শোধ করলেও ম্যাচের নিয়ন্ত্রণ তখন পুরোপুরি ইউনাইটেডের হাতে।

এই ম্যাচে দীর্ঘ ৯০ সপ্তাহ পর ওল্ড ট্র্যাফোর্ডে ফিরেছেন মার্কাস র‍্যাশফোর্ডও। গোল না পেলেও আক্রমণে তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

হালের হতাশার পর ইপসউইচের বিপক্ষে ৫-২ জয় তাই ইউনাইটেডের জন্য শুধু তিন পয়েন্ট নয়, আত্মবিশ্বাস ফেরানোরও বড় উপলক্ষ। আর সেই প্রত্যাবর্তনের কেন্দ্রে ছিলেন অধিনায়ক ফার্নান্দেজ-এক গোল থেকে হ্যাটট্রিক, পুরো ম্যাচের গল্পটাই লিখে দিলেন তিনি।

টিভিতে আজকের খেলা: ৩১ আগষ্ট ২০২৬

নারী এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যাচ আজ, প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। নিউইয়র্কে চলছে ইউএস ওপেন। লা লিগায় বার্সেলোনার ও প্রিমিয়ার লিগে আছে আর্সেনালের ম্যাচ।

নারী এশিয়া কাপ ক্রিকেট
বাংলাদেশ-ইন্দোনেশিয়া
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস

ইউএস ওপেন
১ম রাউন্ড
রাত ৯টা, স্টার স্পোর্টস ১ ও ২

ইংলিশ প্রিমিয়ার লিগ
অ্যাস্টন ভিলা-আর্সেনাল
রাত ১টা, রাজধানী ও স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা
ওসাসুনা-হেতাফে
রাত ১১-৩০ মি., টি স্পোর্টস

বার্সেলোনা-ভায়েকানো
রাত ১-৩০ মি., টি স্পোর্টস

অবশেষে চেলসিতে যোগ দিলেন এমিলিয়ানো মার্টিনেজ

0

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অ্যাস্টন ভিলা ছেড়ে চেলসিতে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ৭ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড ট্রান্সফার ফির বিনিময়ে তাঁকে দলে নিয়েছে চেলসি। এর মধ্য দিয়ে ভিলার সঙ্গে মার্টিনেজের ছয় বছরের সম্পর্কেরও ইতি ঘটল।

২০২০ সালে আর্সেনাল থেকে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন মার্টিনেজ। এরপর ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫৫টি ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। ভিলার জার্সিতে তিনটি প্রধান উয়েফা প্রতিযোগিতাতেই খেলার অভিজ্ঞতা হয়েছে তাঁর।

অ্যাস্টন ভিলার হয়ে শেষ ম্যাচটিও স্মরণীয় হয়ে থাকবে মার্টিনেজের। আঙুলে চোট থাকা সত্ত্বেও ব্যথানাশক নিয়ে ইউরোপা লিগের ফাইনালে খেলেছিলেন তিনি। চোট নিয়েই দলের হয়ে মাঠে নামার সেই মানসিকতার জন্য ভক্তদের কাছেও বিশেষ জায়গা করে নিয়েছেন এই আর্জেন্টাইন।

মার্টিনেজের বিদায়ের প্রস্তুতি অবশ্য আগেই শুরু করেছিল অ্যাস্টন ভিলা। তাঁর বিকল্প হিসেবে পার্মা থেকে জাপানের গোলরক্ষক জায়ন সুজুকিকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। এদিকে মার্টিনেজের জুভেন্টাসে যাওয়ার সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ইতালিয়ান ক্লাবটির সঙ্গে তাঁর সম্ভাব্য চুক্তি আর হয়নি।

ভিলা ছাড়ার ইচ্ছা মার্টিনেজ নিজেই আগেই জানিয়েছিলেন। নতুন চ্যালেঞ্জের সন্ধানে ছিলেন তিনি। এবার সেই নতুন চ্যালেঞ্জ চেলসিতে। অন্যদিকে মার্টিনেজের অবদানের প্রশংসা করে তাঁকে বিদায় জানিয়েছেন অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরি। নতুন গোলরক্ষকদের নিয়ে নতুন মৌসুমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ও জানিয়েছেন স্প্যানিশ এই কোচ।

জাতীয় দলের ট্রায়ালে যুক্তরাষ্ট্র প্রবাসী গোলকিপার সাইফ কেরাওয়ালা

0

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গোলবারে নতুন এক সম্ভাবনার সূর্য উঁকি দিচ্ছে। আসন্ন ফিফা আসিয়ান কাপ ২০২৬-কে সামনে রেখে জাতীয় দলের ট্রায়ালে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসছেন প্রবাসী বাংলাদেশি গোলরক্ষক সাইফ কেরাওয়ালা। ১.৯৩ মিটার (প্রায় ৬ ফুট ৪ ইঞ্চি) উচ্চতার এই দীর্ঘদেহী গোলকিপার বর্তমানে লস অ্যাঞ্জেলেস থেকে ট্রানজিট বিরতি শেষে ঢাকার পথে রয়েছেন। সবকিছু ঠিক থাকলে আজ রাত অথবা আগামীকাল সকালের মধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবেন তিনি।

জাতীয় দলের প্রধান কোচ টমাস ডুলি সাইফকে বসুন্ধরা কিংস অ্যারেনায় ২ থেকে ৩ দিনের অনুশীলনে নিবিড় পর্যবেক্ষণে (ট্রায়াল) রাখবেন। মাঠের পারফরম্যান্স ও সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা যাচাই করেই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাফুফে ও কোচিং স্টাফ।

সিয়াটল সাউন্ডার্স থেকে ঢাকার ট্রায়াল

যুক্তরাষ্ট্রের ফুটবল আঙিনায় ক্যারিয়ারের বড় একটি সময় পার করেছেন সাইফ কেরাওয়ালা। যুব পর্যায়ে তিনি যুক্ত ছিলেন ইস্টসাইড এফসি ও সিয়াটল সাউন্ডার্সের মতো ক্লাবের সঙ্গে। পরবর্তীতে সিয়াটল সাউন্ডার্স-২ এবং টাকোমা ডিফিয়েন্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। গোলরক্ষক হিসেবে তার শারীরিক গঠন এবং উচ্চতা আন্তর্জাতিক ফুটবলের উপযোগী হওয়ায় ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মাঝে বেশ কৌতূহল তৈরি হয়েছে।

তবে স্কোয়াডে জায়গা পাওয়া সাইফের জন্য একেবারেই সহজ হচ্ছে না। প্রধান কোচ টমাস ডুলি দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রথাগত ব্যবস্থার বাইরে এসে সব ফুটবলারকে নিজের সামর্থ্য প্রমাণের সমান সুযোগ দিচ্ছেন। জাতীয় দলের বর্তমান গোলরক্ষকদের পাশে রেখে সাইফের পারফরম্যান্স তুলনা করেই পরবর্তী পদক্ষেপ নেবে টিম ম্যানেজমেন্ট।

ট্রায়ালে আরও চার আন্তর্জাতিক ও বয়সভিত্তিক মুখ

শুধু সাইফ কেরাওয়ালাই নন, জাতীয় দলের দরজা উন্মুক্ত করা হচ্ছে বিদেশে খেলা আরও কয়েকজন প্রবাসী ও বয়সভিত্তিক ফুটবলারের জন্যও। কোচ ডুলির পর্যবেক্ষণে ২-৩ দিনের অনুশীলনে যোগ দিচ্ছেন:

  • কিউবা মিচেল: ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার
  • শুকি ইতোফুসা: জাপানভিত্তিক তরুণ প্রতিশ্রুতি
  • অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফ: বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের দুই তরুণ প্রতিভাবান

সম্প্রতি ঘোষিত ফিফা আসিয়ান কাপের ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডে বিদেশি লিগে খেলা ফুটবলারদের অন্তর্ভুক্ত করা হয়নি। কোচ ডুলি তাদের আলাদাভাবে ট্রায়ালে দেখে মূল স্কোয়াডে যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছেন।

আগামী সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ায় বসতে যাওয়া ফিফা আসিয়ান কাপ হতে যাচ্ছে নতুন কোচের অধীনে বাংলাদেশ দলের প্রথম বড় পরীক্ষা। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে সাইফ কেরাওয়ালারা যদি নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে পারেন, তবে তা জাতীয় দলের শক্তিমত্তা অনেকটাই বাড়িয়ে দেবে।

আসিয়ান কাপে চোখ রেখে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন জামালরা

0

প্রথমবারের মতো আয়োজিত ‘ফিফা আসিয়ান কাপ ২০২৬’-এ খেলার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে নারাজ বাংলাদেশ জাতীয় ফুটবল দল। টুর্নামেন্ট থেকে ভারতের নাম প্রত্যাহারের পর ফিফার সরাসরি আমন্ত্রণে লাল-সবুজদের জন্য উন্মুক্ত হয় মূল পর্বের দরজা। আর এই বৈশ্বিক মঞ্চকে সামনে রেখে রাজধানী ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায় গত কয়েকদিন ধরে নিবিড় অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন জামাল ভূঁইয়ারা।

২৭ আগস্ট ‘ওয়েস্টিন হোটেলে’ জাতীয় দলের আবাসিক ক্যাম্প শুরু হয়। এর পরপরই প্রধান কোচ টমাস ডুলির অধীনে পুরোদমে শুরু হয়েছে মাঠের প্রস্তুতি। ঘরোয়া ফুটবলের অফ-সিজন চলাকালিন এই টুর্নামেন্ট আয়োজিত হওয়ায় ফুটবলারদের ম্যাচ ফিটনেস ফিরিয়ে আনা এবং কৌশলগত সমন্বয় তৈরি করাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে কোচিং স্টাফ।

বাফুফে সূত্রে জানা গেছে, ঘোষিত ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডে নিয়মিত মুখগুলোর পাশাপাশি রাখা হয়েছে প্রবাসী ফুটবলারদেরও। নিজ নিজ ক্লাবের আনুষ্ঠানিকতা শেষ করে হামজা চৌধুরী ও শমিত সোম খুব শীঘ্রই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

টুর্নামেন্টের মূল লড়াই শুরুর আগে দলের সমন্বয় ও পজিশনিং ঝালিয়ে নিতে স্থানীয় কয়েকটি ক্লাবের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনেরও পরিকল্পনা হাতে নিয়েছে বাফুফে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার শক্তিশালী দলগুলোর বিপক্ষে এই আসরকে বড় সুযোগ হিসেবে দেখছেন দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি জানান, আন্তর্জাতিক মঞ্চে শক্তিশালী দলগুলোর বিপক্ষে মাঠে নামার যে অভিজ্ঞতা অর্জিত হবে, তা দলের ভবিষ্যৎ অগ্রযাত্রায় বিশাল ভূমিকা রাখবে।

আসিয়ান কাপ ২০২৬: বাংলাদেশের ম্যাচ সময়সূচি

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়ায় বসবে আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনের আসর। প্রতিযোগিতায় আয়োজক দেশসহ অত্যন্ত শক্ত প্রতিপক্ষদের নিয়ে গঠিত ‘গ্রুপ এ’-তে খেলবে বাংলাদেশ।

তারিখপ্রতিপক্ষপর্যায়
২৫ সেপ্টেম্বর, ২০২৬মালয়েশিয়াগ্রুপ পর্ব
২৮ সেপ্টেম্বর, ২০২৬সিঙ্গাপুরগ্রুপ পর্ব
১ অক্টোবর, ২০২৬ইন্দোনেশিয়াগ্রুপ পর্ব

কঠিন গ্রুপে পড়লেও ফুটবলারদের কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস নিয়ে আশাবাদী বাফুফে কর্তারা। দক্ষিণ-পূর্ব এশিয়ার মাঠ থেকে ইতিবাচক ফল নিয়ে ফেরাটাই এখন জাতীয় দলের মূল লক্ষ্য।

লরেন্সের ফিফটিতে ৩৫০ ছাড়িয়ে ইংল্যান্ডের লিড

সকালের ভারী বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল প্রথম সেশনের খেলা। দুপুরে মাঠে গড়াল বল, কিন্তু বৃষ্টি যেন পিছু ছাড়ল না। থেমে থেমে বৃষ্টির কারণে তৃতীয় দিনে খেলা হলো মাত্র ২৪.৫ ওভার। তবু এর মধ্যেই পাকিস্তানের জন্য ম্যাচটা আরও কঠিন করে তুলেছে ইংল্যান্ড। ড্যান লরেন্সের দারুণ ফিফটিতে স্বাগতিকদের লিড পেরিয়েছে ৩৫০।

লর্ডস টেস্টের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ১৭৭ রান। প্রথম ইনিংসে পাওয়া ১৮০ রানের লিডসহ পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড এগিয়ে আছে মোট ৩৫৭ রানে।

দিন শেষে ৬৬ বলে ৫০ রানে অপরাজিত ছিলেন লরেন্স। তাঁর ইনিংসে ছিল ৬টি চার ও ২টি ছক্কা।

এই সিরিজে পাকিস্তানের ব্যাটিং যে খুব একটা স্বস্তিদায়ক নয়, পরিসংখ্যানই তার প্রমাণ। এখন পর্যন্ত তিন ইনিংসে তাদের সংগ্রহ ১৭১, ১৩৫ ও ১১০ রান। চতুর্থ ইনিংসে ৩৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নামলে তাই সফরকারীদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

আগের দিনের ৩ উইকেটে ৮১ রান নিয়ে শনিবার দ্বিতীয় সেশনে ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। বৃষ্টিভেজা কন্ডিশনে উইকেট থেকে পেসাররা পাচ্ছিলেন বাড়তি সহায়তা। সিম মুভমেন্ট কাজে লাগিয়ে পাকিস্তানও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে।

দিনের দ্বিতীয় ওভারেই সাফল্য পান মোহাম্মাদ আব্বাস। তাঁর দুর্দান্ত এক ডেলিভারিতে এলবিডব্লিউ হয়ে ফেরেন এমিলিও গে। ৩১ রান করে থামেন এই ওপেনার। এরপর আবারও বৃষ্টির কারণে প্রায় ১৫ মিনিট বন্ধ থাকে খেলা।

লরেন্সের সঙ্গে হ্যারি ব্রুক মিলে ইংল্যান্ডের রান একশ পার করেন। তবে ৫৬ বলে ৩৪ রান করা ব্রুককে বেশিক্ষণ টিকতে দেননি আব্বাস। তাঁর বলে উইকেটের পেছনে দারুণ ক্যাচ নেন মোহাম্মাদ রিজওয়ান।

পরের ওভারেই মোহাম্মাদ আলিকে পরপর চার ও ছক্কা মেরে পাল্টা আক্রমণ শুরু করেন লরেন্স। তবে প্রথম ইনিংসে ইংল্যান্ডের সর্বোচ্চ রান করা জেমি স্মিথ এবার ব্যর্থ। দুই অঙ্কে যাওয়ার আগেই ৭ রানে ফিরে যান তিনি। চা-বিরতির পর তৃতীয় বলে একই রানে ফেরেন গাস অ্যাটকিনসনও।

এরপর বাঁহাতি স্পিনার আলি উসমানের এক ওভারে চার ও ছক্কা মেরে ফিফটির কাছাকাছি পৌঁছে যান লরেন্স। ৬৪ বলে পঞ্চাশ পূর্ণ করেন তিনি। তবে সেই ওভার শেষ হওয়ার আগেই আবারও বৃষ্টির হানা। শেষ পর্যন্ত আর খেলা মাঠে গড়ায়নি।

মাত্র ২৪.৫ ওভার খেলেই শেষ হয়েছে তৃতীয় দিনের খেলা। হাতে তিন উইকেট নিয়ে ইংল্যান্ডের লিড এখন ৩৫৭। শেষ দুই দিনে পাকিস্তানের সামনে তাই পাহাড়সম লক্ষ্য—আর ইংল্যান্ডের সামনে ম্যাচ জয়ের সুবর্ণ সুযোগ।

সংক্ষিপ্ত স্কোর:
ইংল‍্যান্ড ১ম ইনিংস: ২৯০
পাকিস্তান ১ম ইনিংস: ১১০
ইংল‍্যান্ড ২য় ইনিংস: ৪৬.৫ ওভারে ১৭৭/৭
তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের লিড ৩৫৭

ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চাই’ ছেলে থেকে মেয়ে হয়ে ক্রিকেটে নিজের লক্ষ্য জানালেন অনয়া

লিঙ্গান্তরের পর প্রথমবার ক্রিকেট খেলার অনুমতি পেয়েছেন অনয়া বাঙ্গার। ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়ার স্বপ্ন, একদিন ভারতের নারী ক্রিকেট দলে খেলবেন এবং দেশকে বিশ্বকাপ জেতাতে ভূমিকা রাখবেন। তবে আপাতত ভারতীয় ক্রিকেটে খেলার অনুমতি পাননি তিনি।

ক্রিকেট অস্ট্রেলিয়া অনয়াকে নারীদের বিগ ব্যাশে খেলার অনুমতি দিয়েছে। এরপরই নিজের ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে কথা বলেছেন তিনি। ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে অনয়া আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে খেলার সুযোগ দেবে।

অনয়া বলেন, ‘আমি আশা করব, বিসিসিআই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে। একদিন ভারতের নারী দলে খেলার সুযোগ পাব। ভারতের হয়ে বিশ্বকাপ খেলব। আমি দেশের হয়ে বিশ্বকাপ জিততে চাই। সেটিই আমার লক্ষ্য।’

নিজের এই যাত্রাপথকে সহজ ছিল না বলেও জানিয়েছেন অনয়া। পরিবার ও সমাজ-দুই জায়গাতেই তাঁকে নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে। অনয়ার ভাষায়, ‘খুব কঠিন ছিল। অনেক বাধা সামলেছি। শুধু বাইরের মানুষ নয়, পরিবারের মধ্যেও অনেক বিরোধিতা সহ্য করতে হয়েছে। নামমাত্র সমর্থন পেয়েছি। কিন্তু থামিনি।’

লিঙ্গান্তরের প্রক্রিয়ার খরচও নিজেকেই বহন করতে হয়েছে বলে জানিয়েছেন অনয়া। এ জন্য জীবনের একটি সময়ে লন্ডনে অন্যদের সঙ্গে ঘর ভাগ করে থাকতে হয়েছে তাঁকে।

অনয়া বলেন, ‘একটা সময় এমন গিয়েছে যে লন্ডনে অন্যের সঙ্গে ঘর ভাগ করে থেকেছি। প্রায় পাঁচ মাস এভাবে কাটাতে হয়েছে। একটা সময় ঠিক করে নিয়েছিলাম, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কথা বলব। সেটিই করেছি। কয়েকটি বিজ্ঞাপনে কাজের সুযোগ পেয়েছিলাম। সেখান থেকে পাওয়া অর্থ দিয়ে অস্ত্রোপচার করিয়েছি। পুরো খরচ নিজেই বহন করেছি।’

লিঙ্গান্তরের পর ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে খেলার অনুমতি না দেওয়ায় হতাশ অনয়া। বোর্ডের নীতির পরিবর্তনও চান তিনি।

সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অনয়া বলেন, ‘বরাবরই আমার প্রতি নীরব থেকেছে বোর্ড। বিষয়টি দেখে আমি প্রচণ্ড হতাশ হয়েছি। মন ভেঙে গেছে। আমি জানতাম, রূপান্তরিত হলে ক্রিকেট থেকে দূরে সরে যেতে হবে। আশা করি, এবার বোর্ড আমাদের মতো ক্রিকেটারদের খেলানো নিয়ে নতুন নিয়ম তৈরি করবে। কারণ ভারতে এ বিষয়ে আমিই প্রথম।’

ক্রিকেটের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন অনয়া। তিনি বলেন, ‘সুযোগ পেলে দলের সদস্য হতে রাজি। নিজের জ্ঞান ও পুরো যাত্রাপথের অভিজ্ঞতা ভাগ করে নিতে চাই। দেশ ও নারীদের খেলাধুলার উন্নতির জন্য যা যা প্রয়োজন, তা করতে চাই।’

‘পাকিস্তানের চ্যাপ্টার এখন ক্লোজ’ আমির

অবসর ভেঙে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান জাতীয় দলে ফিরেছিলেন মোহাম্মদ আমির। তবে বিশ্বকাপে প্রত্যাশিত সাফল্য পায়নি পাকিস্তান। চার ম্যাচের দুটিতে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নেয় দলটি। এরপর আবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান বাঁহাতি এই পেসার।

অবসরের পর থেকেই আমিরের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান দলে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। এবার সেই সম্ভাবনার কথা সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি। আমিরের ভাষায়, পাকিস্তানের হয়ে তাঁর অধ্যায় এখন শেষ।

ফুরকান ভাট্টির ইউটিউব চ্যানেলের এক আলোচনায় আমির বলেন, ‘আমি এখন স্থানীয় ব্রিটিশ। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও দ্য হান্ড্রেডের মতো প্রতিযোগিতায় স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলতে হলে একটি নথিতে স্বাক্ষর করতে হয়। সেখানে বলা থাকে, আপনি অন্য কোনো দেশের হয়ে স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলতে পারবেন না। তাই পাকিস্তানের হয়ে যে অধ্যায় ছিল, সেটি এখন সমাপ্ত।’

২০২৪ সালের ১৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন আমির। পরে স্ত্রী নারজিস খানের মাধ্যমে ব্রিটিশ নাগরিকত্ব ও যুক্তরাজ্যের পাসপোর্টও অর্জন করেন তিনি। এরপরও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের জার্সিতে তাঁকে দেখা যেতে পারে—এমন আলোচনা চলছিল। আমিরের সাম্প্রতিক মন্তব্যে সেই জল্পনার অবসান হলো।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। টুর্নামেন্টটি ৪ অক্টোবর শুরু হয়ে চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার ফলে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মতো ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতায় আমিরকে বিদেশি খেলোয়াড় হিসেবে খেলতে হবে। ৩৪ বছর বয়সী এই পেসার পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন ২০০৯ সালে।

পাকিস্তানের হয়ে ৩৬ টেস্টে ১১৯, ৬১ ওয়ানডেতে ৮১ এবং ৬২ টি-টোয়েন্টিতে ৭১ উইকেট নিয়েছেন আমির। তিনটি বিশ্বকাপেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছেন তিনি।

২০০৯ ও ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০১৯ ওয়ানডে বিশ্বকাপেও খেলেছেন আমির। ২০০৯ সালে পাকিস্তানের শিরোপাজয়ী অভিযানে সাত ম্যাচে ৬ উইকেট নেন তিনি। ২০১০ বিশ্বকাপে ছয় ম্যাচে তাঁর শিকার ছিল ৮ উইকেট। আর ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি পেসার।

চলে গেলেন অভিজ্ঞ ক্রিকেট স্কোরার সাঈদুর রহমান ভূঁইয়া

বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ স্কোরার সাঈদুর রহমান ভূঁইয়া আর নেই। আজ রোববার সকালে ঢাকায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক শোকবার্তায় সাঈদুর রহমানের মৃত্যুর খবর জানিয়েছে।

ক্রিকেট স্কোরিংয়ে দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা ছিল সাঈদুর রহমানের। তিনি টেস্ট ম্যাচেও স্কোরারের দায়িত্ব পালন করেছেন। দেশের ক্রিকেটে দীর্ঘদিন স্কোরার হিসেবে দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে ২০১৩-১৪ মৌসুমে বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স অ্যান্ড স্কোরার্স অ্যাসোসিয়েশনের সেরা স্কোরারের পুরস্কার পান তিনি।

সাঈদুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। এক শোকবার্তায় তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

দেশের ক্রিকেটে দীর্ঘদিন স্কোরিংয়ের সঙ্গে যুক্ত থাকা সাঈদুর রহমানের মৃত্যুতে ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।