স্পেন-সৌদির ম্যাচে কী বলছে পরিসংখ্যান ! জমে উঠেছে বিশ্বকাপের এইচ গ্রুপের লড়াই। বিশ্বকাপে টিকে থাকতে কঠির পরীক্ষার মুখোমুখি দলগুলো। গ্রুপের হট ফেবারিট স্পেন নিজেদের প্রথম ম্যাচে ড্র করে বেশ বিপদে। দ্বিতীয় রাউন্ডের পথে এগিয়ে যেতে বড় বাঁধাই টপকাতে হবে। লামিনে ইয়ামালদের জন্য সেখানে অপেক্ষা করছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে গুটিয়ে দেওয়া সৌদি আরব।
বিশ্বকাপের এইচ গ্রুপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হচ্ছে স্পেন। যুক্তরাষ্ট্রের আটলান্টায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করা স্পেনের জন্য এটি অনেকটাই বাঁচা মরার লড়াই।। অন্যদিকে উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে আত্মবিশ্বাসী সৌদি আরবও পয়েন্টের আশা নিয়েই মাঠে নামবে।
পরিসংখ্যান ও শক্তির বিচারে অবশ্য অনেকটাই এগিয়ে স্পেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা বিশ্বকাপের অন্যতম শিরোপা দাবিদার হিসেবে টুর্নামেন্টে এসেছে। গ্রুপ এইচ-এ স্পেন, সৌদি আরব, উরুগুয়ে ও কেপ ভার্দে খেলছে। গ্রুপের সবচেয়ে শক্তিশালী দল হিসেবেই বিবেচিত হচ্ছে লা রোজারা।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যানও স্পেনের পক্ষেই কথা বলছে। বিশ্বকাপ ও প্রীতি ম্যাচ মিলিয়ে আগের তিন দেখাতেই জয় পেয়েছে স্পেন। সর্বশেষ ২০১২ সালের প্রীতি ম্যাচে সৌদি আরবকে ৫-০ গোলে হারিয়েছিল তারা। বিশ্বকাপে ২০০৬ সালের একমাত্র সাক্ষাতেও জয় ছিল স্প্যানিশদের।
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে আক্রমণ ভাগে পরিবর্তন আনতে পারেন। তরুণ তারকা লামিনে ইয়ামালকে শুরুর একাদশে দেখা যেতে পারে, যদিও তার ফিটনেস নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে। মিডফিল্ডে রদ্রি, পেদ্রি ও ফাবিয়ান রুইজের ওপরই ভরসা রাখছে স্পেন। অন্যদিকে সৌদি আরবের প্রধান ভরসা অধিনায়ক সালেম আল-দাওসারি ও গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস।
সম্ভাব্য একাদশ স্পেন (৪-৩-৩): উনাই সিমন; মার্কোস লরেন্তে, আয়মেরিক লাপোর্তে, পাও কুবার্সি, মার্ক কুকুরেয়া; রদ্রি, পেদ্রি, ফাবিয়ান রুইজ; লামিনে ইয়ামাল, মিকেল ওইয়ারসাবাল, নিকো উইলিয়ামস।
সৌদি আরব (৪-৪-২): মোহাম্মদ আল-ওয়াইস; সৌদ আবদুলহামিদ, আবদুলেলাহ আল-আমরি, হাসান আল-তামবাকতি, মোতেব আল-হারবি; আবু আল-শামাত, মোহাম্মদ কান্নো, আবদুল্লাহ আল-খাইবারি, সালেম আল-দাওসারি; মুসাব আল-জুয়াইর, ফিরাস আল-বুরাইকান।
