এরদোয়ানের ছেলের সাথে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বিশেষ সাক্ষাৎ । বাংলাদেশের গ্রামীণ ও ঐতিহ্যবাহী খেলাধুলাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে তুরস্কে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ইস্তাম্বুলে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজমেদ্দিন বিলাল এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সাক্ষাতে দুই দেশের ঐতিহ্যবাহী ও স্থানীয় খেলাধুলা, অর্থাৎ কান্ট্রি গেমস, বিশ্বপরিসরে ছড়িয়ে দেওয়ার বিষয়টি গুরুত্ব পায়। বাংলাদেশে গ্রামীণ খেলাধুলার দীর্ঘ ইতিহাস, সামাজিক গুরুত্ব এবং সাংস্কৃতিক ভূমিকার কথা বৈঠকে তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আধুনিক ক্রীড়ার পাশাপাশি শেকড়ের সঙ্গে যুক্ত খেলাগুলোকে সংরক্ষণ এবং নতুনভাবে উপস্থাপন করা সময়ের দাবি।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বায়নের এই সময়ে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খেলাধুলা টিকিয়ে রাখতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ তৃণমূল পর্যায়ের খেলাকে শুধু বাঁচিয়ে রাখবে না, বরং নতুন প্রজন্মের কাছেও তা আকর্ষণীয় করে তুলবে।
অন্যদিকে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজমেদ্দিন বিলাল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক সাফল্যের প্রশংসা করেন। তিনি সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দেশীয় খেলাধুলা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। অভিজ্ঞতা বিনিময় ও সমন্বিত উদ্যোগের প্রতিশ্রুতিও দেন তিনি।
বৈঠকের এক পর্যায়ে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বিলাল এরদোয়ানকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেন তিনি এবং শিগগিরই বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন।
এই সফর ও আলোচনা দুই দেশের ক্রীড়া সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে তৃণমূলের খেলোয়াড়দের দক্ষতা বাড়ানো এবং বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী খেলাগুলোকে আধুনিকভাবে তুলে ধরার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩




















