চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই বাধ্যতামূলক হচ্ছে

গুরুত্ব পাবে পুষ্টি ও সুস্থ জীবনযাপন

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে শিক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণির পাঠ্যক্রমে ‘খেলাধুলা’ নামে নতুন বই যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি সুস্থ, মাদকমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ প্রজন্ম গড়ে তুলতে চায় সরকার।

শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে ঢাকা-১৬ আসনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে আমিনুল হক বলেন, জীবনের লক্ষ্য এখন থেকেই নির্ধারণ করতে হবে। সেই লক্ষ্য অর্জনে পড়াশোনার কোনো বিকল্প নেই। তবে সুস্থ শরীর ও সুস্থ জাতি গঠনে খেলাধুলাও সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নতুন পাঠ্যবইয়ে খেলাধুলার উপকারিতা, পুষ্টি এবং সুস্থ থাকার জন্য প্রয়োজনীয় খাবার সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে। এর ফলে ছোটবেলা থেকেই তাদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা তৈরি হবে এবং খেলাধুলার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে উঠবে।

অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষকদের আবাসনব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, পল্লবী ও রূপনগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ইতিমধ্যে ডিও লেটার দিয়েছেন।

শিক্ষকদের জন্য পৃথক আবাসনের ব্যবস্থা করার বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তিনি। প্রয়োজনে এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হবে।

রাজনৈতিক প্রতিহিংসা পরিহার করে ঐক্যবদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, বিগত ১৭ বছরের ইতিহাসের পুনরাবৃত্তি তাঁরা চান না। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, সরকার এবং সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও সুস্থ জীবনযাপনের চর্চা জরুরি। খেলাধুলা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবিশের সভাপতিত্বে ঢাকা-১৬ আসনের শিক্ষাপ্রতিষ্ঠান পর্ষদের সভাপতি মইনুল হক মঈন, এমডিসি মডেল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হাফিজুর রহমান সরকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

spot_imgspot_img
spot_img

Related Articles