শ্রীলঙ্কা ‘এ’ দলের বাংলাদেশ সফর স্থগিত তবে জুনে আসছে জিম্বাবুয়ে এইচপি দল। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২৫-২৬ চলমান থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা ‘এ’দলের আসন্ন বাংলাদেশ সফর স্থগিত করেছে। গত বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এক কর্মকর্তা।
আগামী মাসে বাংলাদেশ সফরে এসে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলার কথা ছিল শ্রীলঙ্কা ‘এ’ দলের। এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার নাফিস বলেন,‘ডিপিএলের কারণে ‘এ’ দলের সফর স্থগিত করা হয়েছে। তারাও সূচি পরিবর্তনের অনুরোধ করেছিল। ভবিষ্যতে অবশ্যই নতুন সূচিতে সিরিজ আয়োজন করা হবে।
এদিকে আগামী জুনে জিম্বাবুয়ের একটি দল বাংলাদেশ সফরে এসে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে বলেও জানান নাফিস। এ বিষয়ে তিনি বলেন,‘তারা এখানে তিনটি ওয়ানডে ও দুইটি চারদিনের ম্যাচ খেলতে আসছে।
দক্ষিণ আফ্রিকায় খেলবে বাংলাদেশ ‘এ’ দল
এছাড়া জুলাই ও আগস্টে বাংলাদেশের পুরুষ ও নারী ইমার্জিং দল এবং বাংলাদেশ ‘এ’ দল দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বলেও জানিয়েছেন তিনি। সফরে বাংলাদেশ ‘এ’ দল খেলবে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে দুইটি চারদিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম চারদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩-২৬ আগস্ট প্রিটোরিয়ায় এবং দ্বিতীয়টি ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে।
ওয়ানডে ম্যাচ গুলো হবে যথাক্রমে ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর ব্লুমফন্টেইন, কিম্বার্লি ও পচেফস্ট্রুমে। অন্যদিকে বাংলাদেশ ইমার্জিং দল জুলাইয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউএসএসএকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে। সিরিজটি চলবে ৩০ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত।
এরপর দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দুই ম্যাচের চারদিনের সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ ১৬-১৯ আগস্ট এবং দ্বিতীয়টি ২৩-২৬ আগস্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ নারী ইমার্জিং দলও একই সময়ে দক্ষিণ আফ্রিকা সফর করবে। তারা ২৯ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
