ইংল্যান্ডের প্রধান নির্বাচক হলেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার । ইংলিশ ক্রিকেটের নীতি-নির্ধারণী পর্যায়ে বড় পরিবর্তন আনল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড পুরুষ জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক মিডল অর্ডার ব্যাটার মার্কাস নর্থ। বুধবার লর্ডস টেস্টের স্কোয়াড ঘোষণার পরপরই এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা আসে।
২০১৮ সাল থেকে ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাবের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন নর্থ। সেই সময়ের মধ্যে ডারহামের ঘরোয়া ক্রিকেট কাঠামো ও পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ইংল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি জানিয়েছেন, দীর্ঘ এবং কঠোর যাচাই-বাছাইয়ের পর নর্থকেই এই দায়িত্বের জন্য বেছে নেওয়া হয়েছে।
রব কির মতে, কাউন্টি ক্রিকেট সম্পর্কে নর্থের গভীর জ্ঞান এবং আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা ইংল্যান্ডের জন্য বড় সম্পদ হবে। খেলোয়াড় নির্বাচন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আধুনিক ক্রিকেটের চাহিদার সঙ্গে দলকে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও মনে করেন তিনি।
নতুন ভূমিকায় নর্থের দায়িত্ব শুধু জাতীয় দলের স্কোয়াড গঠনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। ইংল্যান্ডের সিনিয়র দল, লায়ন্স এবং অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচনেও তিনি কাজ করবেন। পাশাপাশি কেন্দ্রীয় চুক্তি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণেও তার ভূমিকা থাকবে।
দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত নর্থ বলেন, ইংল্যান্ডের জাতীয় নির্বাচক হওয়া তার জন্য বড় সম্মানের। কাউন্টি ক্রিকেটে দীর্ঘদিন কাজ করার সুবাদে ইংল্যান্ডে প্রতিভার কোনো ঘাটতি নেই, তা তিনি ভালোভাবেই জানেন। রবিনসন, স্টোকস এবং ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে কাজ করে সব ফরম্যাটে সফল দল গড়ার চ্যালেঞ্জ নিতে তিনি মুখিয়ে আছেন বলেও জানান।
অস্ট্রেলিয়ার হয়ে ২১টি টেস্ট ও দুটি ওয়ানডে খেলেছেন মার্কাস নর্থ। বাঁহাতি এই ব্যাটার ক্যারিয়ারে ছয়টি ভিন্ন কাউন্টি ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩





















