নিয়ম ভেঙে শাস্তি পেলেন দুই ক্যারিবিয়ান ক্রিকেটার

নিয়ম ভেঙে শাস্তি পেলেন দুই ক্যারিবিয়ান ক্রিকেটার। ভারতের মাটিতে তাদের বিপক্ষে টি-২০ সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার রাচিতে ম্যাচে আচরণবিধি ভঙ্গের অভিযোগে আইসিসির শাস্তি পেয়েছেন দুই ক্যারিবীয় তারকা রভম্যান পাওয়েল ও শেরফান রাদারফোর্ড। এক বিজ্ঞপ্তিতে তাদের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

দ্বিতীয় ম্যাচে আচরণবিধির লেভেল ওয়ান ধারা ভাঙেন দুই ক‍্যারিবিয়ান ক্রিকেটার। এর তিন দিন পর সোমবার শাস্তির কথা জানায় আইসিসি। আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে রভম্যান পাওয়েলের বিরুদ্ধে। যেখানে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেটের সরঞ্জাম, পোশাক, মাঠের সরঞ্জাম অপব্যবহারের কথা।’ আর ‘আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ’ করে ২.৮ ধারা ভাঙেন রাদারফোর্ড।

ম্যাচের ইনিংসের ষষ্ঠ ওভারে মায়াঙ্ক ইয়াদাভের বলে বোল্ড হয়ে মেজাজ হারান পাওয়েল। আউট হওয়ার পর ব্যাট দিয়ে বলে আঘাত করেন তিনি। যা আইসিসির আচরণবিধি লঙ্ঘন। আর ইনিংসের ১৩তম ওভারের একটি ডেলিভারি ওয়াইড না দেওয়ায় আম্পায়ারের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে চিৎকার করেন রাদারফোর্ড।

আচরণবিধি ভঙ্গের দায়ে পাওয়েল ও রাদারফোর্ডকে তিরস্কার করেছে আইসিসি। নামের পাশে যুক্ত হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট। নিজেদের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেন দুই ক্রিকেটারই। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

spot_imgspot_img
spot_img

Related Articles