জাতীয় মহিলা দাবায় চ্যাম্পিয়ন ওয়াদিফা

২য় থেকে ষষ্ঠ স্থানের লড়াইয়ে এগিয়ে ওয়ালিজা

বার্জার ৪৪তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর শিরোপা জিতেছেন বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ। অন্যদিকে দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান নির্ধারণী প্লে-অফে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত বার্জার ৪৪তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। বিশেষ অতিথি ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার সালাউদ্দিন আহমেদ।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহসভাপতি কাজী মো. সাইদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ এবং মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ।

রাউন্ড রবিন-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এবারের জাতীয় মহিলা দাবায় অংশ নেন ১৪ জন খেলোয়াড়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ। শিরোপাজয়ী এই দাবাড়ু পুরস্কার হিসেবে পেয়েছেন ২৫ হাজার টাকা ও ট্রফি।

দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান নির্ধারণের জন্য পাঁচজন দাবাড়ু প্লে-অফে অংশ নিচ্ছেন। তারা হলেন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ, মহিলা ফিদে মাস্টার নুশরাত জাহান আলো এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী।

প্লে-অফের মাধ্যমে চূড়ান্ত অবস্থান নির্ধারিত না হওয়ায় আপাতত তাদের প্রত্যেককে ষষ্ঠ স্থানের সমপরিমাণ অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। চূড়ান্ত অবস্থান নির্ধারণের পর অবশিষ্ট অর্থ ও ট্রফি প্রদান করা হবে।

এদিকে প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করেছেন বাংলাদেশ আনসারের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন। অষ্টম হয়েছেন এসএসপিএল স্পোর্টিং ক্লাবের জিন্নাত আক্তার শাহনাজ। দুজনই অর্থ পুরস্কার লাভ করেছেন।

প্লে-অফে শীর্ষে ওয়ালিজা

রোববার সকাল থেকে দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থান নির্ধারণী প্লে-অফের প্রথম ছয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। ছয় রাউন্ড শেষে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ পাঁচ খেলায় ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন।

পাঁচ খেলায় সাড়ে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম। আড়াই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মহিলা ফিদে মাস্টার নুশরাত জাহান আলো। দেড় পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মহিলা ক্যান্ডিডেট মাস্টার নীলাভা চৌধুরী। পঞ্চম স্থানে রয়েছেন মহিলা ফিদে মাস্টার ওয়ারসিয়া খুশবু।

ছয় রাউন্ডের উল্লেখযোগ্য ফলাফল

প্লে-অফের প্রথম রাউন্ডে নোশিন আঞ্জুম নীলাভা চৌধুরীকে পরাজিত করেন। অন্যদিকে ওয়ালিজা আহমেদ ও নুশরাত জাহান আলো ড্র করেন।

দ্বিতীয় রাউন্ডে নুশরাত জাহান আলো ওয়ারসিয়া খুশবুকে হারান। ওয়ালিজা ও নোশিনের মধ্যকার খেলাটি ড্র হয়।

তৃতীয় রাউন্ডে ওয়ালিজা আহমেদ নীলাভা চৌধুরীকে এবং নোশিন আঞ্জুম ওয়ারসিয়া খুশবুকে পরাজিত করেন।

চতুর্থ রাউন্ডে নোশিন আঞ্জুম ও নুশরাত জাহান আলো এবং নীলাভা চৌধুরী ও ওয়ারসিয়া খুশবুর মধ্যকার দুটি খেলাই ড্র হয়।

পঞ্চম রাউন্ডে ওয়ালিজা আহমেদ ওয়ারসিয়া খুশবুকে পরাজিত করেন। অন্য খেলায় নুশরাত জাহান আলো ও নীলাভা চৌধুরী ড্র করেন।

ষষ্ঠ রাউন্ডে ওয়ালিজা আহমেদ নুশরাত জাহান আলোকে হারিয়ে নিজের অবস্থান আরও সুসংহত করেন। অন্যদিকে নোশিন আঞ্জুম ও নীলাভা চৌধুরীর খেলাটি ড্র হয়।

প্লে-অফের সপ্তম রাউন্ডের খেলা আগামীকাল (সোমবার) দুপুর ২টায় বাংলাদেশ দাবা ফেডারেশনের একই হলরুমে অনুষ্ঠিত হবে। এই রাউন্ডের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন দ্বিতীয় থেকে ষষ্ঠ স্থানের জন্য লড়াইয়ে থাকা দাবাড়ুরা।

spot_imgspot_img
spot_img

Related Articles