অবশেষে সব জল্পনার অবসান। অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের ওয়ানডে দল ঘোষনা করা হয়েছে। এই সিরিজ দিয়ে এক দিনের ক্রিকেটে অধিনায়কত্ব হারালেন রোহিত শর্মা। দলের নতুন অধিনায়ক শুভমন গিল। টি-টোয়েন্টি দলের নেতৃত্ব অবশ্য সূর্যকুমার যাদবের হাতেই রয়েছে।
অস্ট্রেলিয়া সফরে এশিয়া কাপজয়ী টি-টোয়েন্টি দলকেই পাঠানো হচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো রোহিত নেতৃত্ব হারালেও দলে থাকলেন। জায়গা হয়েছে বিরাট কোহলিরও। টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর দুজনকে নিয়েই প্রশ্ন ছিল।
বলা হয়েছিল, এক দিনের দলেও সুযোগ পাবেন না। তাদের দুজনকেই অস্ট্রেলিয়া সফরের দলে রাখা হল। ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপের কথা মাথায় রেখেই নেতৃত্বে বদল করা হয়েছে বলে মনে করা হচ্ছে। সে সময় রোহিত খেলার মতো পরিস্থিতিতে না থাকলে নতুন কাউকেই নেতৃত্বের দায়িত্ব দিতে হবে। তাই আগে থেকেই শুভমনকে দায়িত্ব দিয়ে তাঁকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিলেন জাতীয় নির্বাচকেরা।
ওয়াডেতে দলের সহ-অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আয়ারকে। বাকি দলে তেমন কোনও চমক নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচ ১৯ অক্টোবর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজ় এবং পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট খেলবে ভারত।
ভারতের ওয়ানডে স্কোয়াড, শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্শিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণা, ধ্রুভ জুরেল (উইকেটরক্ষক), যশস্বী জয়ওসয়াল।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















