ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াড দিয়ে প্রথমবার জাতীয় দলে সাকলাইন সুযোগ পেয়েছেন। ২৮ বছর বয়সি ডানহাতি পেস অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন অনেক দিন ধরেই ঘরোয়া ক্রিকেটসহ বিভিন্ন পর্যায়ে দুর্দান্ত পারফর্ম করে আসছিলেন। অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-২০ সিরিজের দলে ডাক পেলেন তিনি। ফিরেছেন ডানহাতি তরুণ পেসার রিপন মণ্ডলও।
নিলফামারী থেকে উঠে এসে প্রথমবার জাতীয় দলে সাকলাইন ঠাঁই করে নিয়েছেন একটানা কিছু নজরকাড়া পারফরম্যান্স দেখিয়ে। তাছাড়া ঘরের মাঠে সিরিজ হওয়াতে উঠতি ক্রিকেটারদের পরখ করে নেওয়ার সুযোগ হাতছাড়া করেননি নির্বাচকরা। তাই কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-২০ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে।
দলে ফিরেছেন রিপন, তার আন্তর্জাতিক টি-২০ অভিষেক হয়েছে মূলত এশিয়ান গেমস ক্রিকেটে দ্বিতীয় সারির জাতীয় দলের হয়ে। সেই আসরে তিনটি ম্যাচ খেলেছেন তিনি। এবার ২৩ বছর বয়সি এই ডানহাতি পেসার সুযোগ করে নিয়েছেন মূলধারার জাতীয় দলে।
প্রথমবার জাতীয় দলে সাকলাইন, যা বললেন হাবিবুল
প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এ দুজনকে দলে নেওয়ার বিষয়ে বলেছেন,‘রিপন মণ্ডল অনেকদিন ধরেই ভালো করছে। আমরা নতুন বলে তার সামর্থ্যকে কাজে লাগাতে পারব এবং তার ডেথি বোলিংও নজরকাড়া। সাকলাইন আমাদের বোলিং অলরাউন্ডার হিসেবে বিকল্প, সম্প্রতি সেও খুব ভালো ফর্ম দেখিয়েছে।’

রিপন মূলত ডেথ ওভারে বেশ কিছু ম্যাচে অবিশ্বাস্য বোলিং করেছেন। বিশেষ করে, ইমার্জিং টিমস এশিয়া কাপ টি-২০ আসরে তার পাকিস্তানের বিপক্ষে শেষ ওভার ও সুপার ওভারের বোলিং আলোচনার জন্ম দেয়। অবশেষে বড় পরিসরে নিজেকে প্রমাণ করার একটি সুযোগ তাকে দিয়েছেন নির্বাচকরা।
সাকলাইনের মূল শক্তি তার নিয়মিত নিখুঁত লাইন-লেংন্থে বোলিং করার ক্ষমতা। তিনি ঘরোয়া ক্রিকেটের নানা আসর, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছাড়াও ইমার্জিং দলের হয়ে নিয়মিত ভালো করছিলেন স্বল্প পরিসরের ক্রিকেটে। বিশেষ করে টি-২০ ফরম্যাটেই নিজের সামর্থ্য প্রমাণ করতে পেরেছেন বল হাতে এবং শেষদিকে ব্যাট হাতেও।
ফেরানো হয়েছে পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও। পেস বোলার হিসেবে দলে আরও আছেন শরিফুল ইসলাম ও অলরাউন্ডার তানজিম হাসান সাকিব। আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ। ২৯ এপ্রিল সেখানেই দ্বিতীয় টি-২০ এবং ২ মে মিরপুরে শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, তাওহিদ হৃদয়, কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, মোহাম্মদ সাইফ উদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















