রাজধানীর পল্টন মডেল থানার নাশকতার দুই মামলায় সাবেক ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। দুই দিন তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে।
আজ আদালত শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত এ আদেশ দেন।
১ নভেম্বর মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত পল্টন থানার একটি মামলায় তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ১০ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
এর আগে পল্টন থানা পুলিশ এক মামলায় তার ১০ দিন এবং আরেক মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আমিনুল হকের পক্ষে সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
উল্লেখ্য যে, মামলার এজাহারে বলা হয়, ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের সময় গ্রেপ্তার করা আসামিরাসহ এজাহারনামীয় পলাতক আসামিরা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করে। নেতাদের উসকানিমূলক বক্তব্যে প্ররোচিত ও উৎসাহিত হয়ে প্রধান বিচারপতির বাসভবনে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আক্রমণ করে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যরা দুষ্কৃতিকারীদের ধাওয়া দিলে তারা কাকরাইল মোড়ের দিকে আসে এবং সেখানে থাকা পুলিশ সদস্যদের উপর ইট-পাটকেল নিক্ষেপসহ বিভিন্ন দেশি অস্ত্র দিয়ে আক্রমণ করে।
গত ১৪ জানুয়ারি পল্টন মডেল থানার এক মামলায় তার সাত দিনের রিমান্ড আবেদন নাকচ করে তাকে এক দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন আদালত।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















