ব্যাটিং-বোলিং কোচ ও ট্রেইনারের পর এবার স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই পদে শান্তদের নতুন কোচ হচ্ছেন অস্ট্রেলিয়ার নাথান কেলি।
ভারতে অনুষ্ঠিত একদিনের ক্রিকেট বিশ্বকাপ ব্যর্থতার পর বেশ কিছু পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। প্রধান ও সহকারী কোচ বাদে সব কোচিং স্টাফেই এসেছে পরিবর্তন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে আসছেন কেলি।
দুই বছরের চুক্তিতে এই অস্ট্রেলিয়ানকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি। অবশ্য শ্রীলঙ্কা সিরিজে দলের সাথে থাকবেন না তিনি। তাঁর মেয়াদকাল শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে।
অস্ট্রেলিয়ান স্ট্রেন্থ ও কন্ডিশনিং অ্যাসোসিয়েশন (এএসসিএ)-এর লেভেল টু সনদধারী কেলি। তাঁর অভিজ্ঞতা আছে পেশাদার ক্রিকেট ও রাগবি লিগে কাজ করার। এমনকি তিনি কাজ করেছেন জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহের সাথেও। মূলত তাঁর চাওয়াতেই কেলিকে বাংলাদেশে আনছে বিসিবি।
২০১৮ সাল থেকে ক্রিকেট নিউ সাউথ ওয়েলসে প্রায় সাড়ে তিন বছর ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে দায়িত্ব পালন করেন কেলি। সেই সময় দলটির সহকারী কোচ ছিলেন হাথুরুসিংহে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















