এই মৌসুম শেষেই পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে কিলিয়ান এমবাপ্পের। শোনা যাচ্ছে এই ফরাসি স্ট্রাইকার গ্রীষ্মের দলবদলে ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এমনকি মাদ্রিদও এই দলবদলের মৌসুমে এমবাপ্পেকে পাওয়ার ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী।
অবশ্য পিএসজি এখনই এমবাপ্পেকে ছেড়ে দিতে নারাজ। এই বিশ্বকাপজয়ী স্ট্রাইকার নিজের চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর পূর্ব পর্যন্ত তাঁকে ধরে রাখার চেষ্টা করে যেতে চায় প্যারিসের ক্লাবটি।

সময় যতই গড়াচ্ছে, এমবাপ্পের মাদ্রিদে যাওয়ার খবরে যুক্ত হচ্ছে নতুন নতুন তথ্য। এই তথ্যগুলো পিএসজির জন্য মোটেও আশা জাগানিয়া নয়। এবার এমবাপ্পে এবং রিয়ালের মধ্যে অর্থনৈতিক চুক্তি কেমন হতে পারে তা নিয়ে খবর প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা এসইআর।
তাঁদের মতে, ইউরোপের সর্বোচ্চ বেতন পাওয়া খেলোয়াড় হতে চান কিলিয়ান এমবাপ্পে। একারণেই তিনি মৌসুমপ্রতি পাঁচ কোটি ইউরো চেয়েছেন। এমনকি বিশ্বকাপজয়ী এই তারকা ১২ কোটি ইউরো সাইনিং বোনাস নিতে চান মাদ্রিদের কাছ থেকে। এছাড়াও বেতনের বাইরে ইমেজ স্বত্বের জন্য বাড়তি বোনাসও নিতে চান এমবাপ্পে।
অবশ্য এমবাপ্পে যা চাচ্ছেন আর মাদ্রিদ তাঁকে যা দিতে চায় এই দু’য়ের মধ্যে বিশাল তফাৎ-এর ব্যাপারটিও জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমটি। পিএসজির বর্তমান এই ফরওয়ার্ডকে ১ কোটি ৫০ লাখ ইউরোর সাথে ৬ কোটি ইউরো সাইনিং বোনাস দিতে চায় রিয়াল।
যেকারণে এখনো কোনো সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি। তবে দুই পক্ষই চায় যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের মধ্যে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌছাতে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩














