মত্র ১৫ বলের ফিফটির বিশ্ব রেকর্ড গড়েছে পাকিস্তানি এক ক্রিকেটার। ব্যাটিংয়ে নেমে মুখোমুখি প্রথম বলেই চার মেরে শুরু করলেন ফাতিমা সানা। এরপর আর থামাথামির নাম নেই। প্রতিপক্ষের বোলারদের কচুকাটা করে উইমেন’স টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন পাকিস্তানের এই পেস বোলিং অলরাউন্ডার।
শুক্রবার করাচিতে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ১৫ বলে ফিফটি ছুঁয়ে রেকর্ডটি গড়েন সানা। ভেঙে দেন আগের ১৮ বলের রেকর্ড। এতদিন রেকর্ডটি ছিল যৌথভাবে তিন জনের। নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড ও ভারতের রিচা ঘোষের।
এ দিন ঘরের মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। ১৬.২ ওভারে পাকিস্তান ৪ উইকেটে ১৫২ রান করার পর উইকেটে আসেন সানা। শুরুতেই বাউন্ডারি হাঁকানোর পরের বলে সিঙ্গল নেন তিনি। পরের ওভারে চারটি চার মারার পর, একটি ডাবল নেন সানা। শেষ বলে সিঙ্গল নিয়ে ধরে রাখেন স্ট্রাইক। ১৯তম ওভারে প্রথম বল ডট খেলার পর, সিবান্দার ওপর ঝড় বইয়ে দেন সানা; পরের পাঁচ বলে তিনটি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। পৌছে যান ৪৮ রানে।
ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে দুই রান নিয়ে নতুন ইতিহাস গড়েন সানা। ওই ওভারের বাকি চার বলও খেলে শেষ দুটিতে চার মারেন তিনি। শেষ পর্যন্ত ১৯ বলে ১০টি চার ও দুই ছক্কায় ৬২ রানে অপরাজিত থাকেন ২৪ বছর বয়সী সানা। নারীদের সব ধরনের টি-টোয়েন্টি মিলিয়ে দ্রুততম ফিফটির রেকর্ড ছুঁয়েছেন সানা।
২০২২ সালে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে ওয়ারউইকশায়ারের হয়ে গ্লস্টারশায়ারের বিপক্ষে ১৫ বলে পঞ্চাশ ছুঁয়ে প্রথম রেকর্ডটি গড়েন ম্যারি কেলি। এরপর ২০২৫ সালে নিউ জিল্যান্ডের টুর্নামেন্ট সুপার স্ম্যাশে সেটা স্পর্শ করেন লরা হ্যারিস। সানার রেকর্ড ইনিংস ও সাইরা জাবিনের অপরাজিত ৫০ রানের সৌজন্যে ৪ উইকেটে ২২৩ রান করে পাকিস্তান।
জবাবে ৯০ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ১১৩ রানের এই জয় দিয়ে তিন ম্যাচের সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করল স্বাগতিক পাকিস্তান।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















