ভারতের ভুবনেশ্বরে শুরু হওয়া ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিট-২০২৬’-এর প্রথম দিনেই পদক জিতেছে বাংলাদেশ। নারীদের ১০০ মিটার স্প্রিন্টে দুর্দান্ত পারফরম্যান্স করে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন বাংলাদেশের অ্যাথলেট সুমাইয়া দেওয়ান।
কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত ইভেন্টের ফাইনালে ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন সুমাইয়া। একই ইভেন্টে বাংলাদেশের আরেক প্রতিযোগী রেখা আখতার ১২.৩৪ সেকেন্ড সময় নিয়ে সপ্তম হয়েছেন।
এই ইভেন্টে ১২.০২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন ভারতের মিরিথিকা টি। ১২.০৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্যপদক পেয়েছেন শ্রীলঙ্কার কে. রিসানসা হিরুপামা। ২৬ নভেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
এদিকে প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ দলের ভারতে পৌঁছানোর সময় নিয়েও প্রশ্ন উঠেছে। অ্যাথলেটরা মাত্র দুই দিন আগে সেখানে পৌঁছানোয় পর্যাপ্ত বিশ্রাম ও প্রস্তুতির সুযোগ পাননি বলে জানা গেছে। এতে প্রতিযোগীদের মধ্যে ক্লান্তিও দেখা দিয়েছে। অন্যদিকে অ্যাথলেটদের তুলনায় বড় সংখ্যক কর্মকর্তা দলের সঙ্গে যাওয়ায় টুর্নামেন্ট শুরুর আগেই আলোচনায় এসেছিল বাংলাদেশ দল।




