ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ল

ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে তিন সংস্করণকে একটি কাঠামোর আওতায় এনে ছয় দলের নতুন ঘরোয়া প্রতিযোগিতা চালুর নীতিগত সিদ্ধান্ত হয়েছে। ডিসেম্বর ২০২৬-এ নতুন কাঠামোর প্রথম টি-টোয়েন্টি প্রতিযোগিতা আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

রোববার ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পুরুষদের চার দিনের ক্রিকেটে ম্যাচপ্রতি ফি হবে ১ লাখ ৫০ হাজার টাকা। এক দিনের ক্রিকেটে ১ লাখ এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা করে পাবেন খেলোয়াড়েরা। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দ্বিতীয় একাদশের ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা।

নারী ক্রিকেটেও ম্যাচ ফি বাড়ানো হয়েছে। তিন দিনের ক্রিকেটে ম্যাচপ্রতি ৪০ হাজার, এক দিনের ক্রিকেটে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা নির্ধারণ করেছে বিসিবি।

এ ছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের দৈনিক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার অনুমোদন দিয়েছে বোর্ড।

spot_imgspot_img
spot_img

Related Articles