সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি ! ফুটবলে জেতার মতো প্রায় সব শিরোপাই জিতেছেন লিওনেল মেসি। এবার তাঁর অর্জনের তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি বিশেষ সম্মান। আর্জেন্টিনার অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেতে যাচ্ছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।
মেসিকে সম্মানসূচক ডক্টরেট দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের সুপিরিয়র কাউন্সিল। তাঁর উৎকর্ষ, অধ্যবসায়, বিনয় এবং আর্জেন্টিনার প্রতিনিধিত্বের প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হচ্ছে।
আগামী ৬ অক্টোবর মেসির হাতে তুলে দেওয়া হবে সম্মানসূচক ডক্টরেট। একই দিন কয়েক ঘণ্টা পরই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে ৩৯ বছর বয়সী এই তারকার।
বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বিশেষ বিদায়ী ম্যাচে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দুই দশকের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে ওই ম্যাচেই দেশের হয়ে শেষবার মাঠে নামার কথা মেসির।
বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয়ের এই সম্মান শুধু মেসির মাঠের সাফল্যের স্বীকৃতি নয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান রিকার্দো গেলপি তাঁকে আর্জেন্টিনার জনপ্রিয় সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একজন উদাহরণ এবং দূত হিসেবে উল্লেখ করেছেন। তাঁর বিনয় ও অধ্যবসায়েরও প্রশংসা করেছেন তিনি।
২০০৫ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক অভিষেকের পর দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে ইতিহাস লিখেছেন মেসি। বিশ্বকাপ ও কোপা আমেরিকাসহ একাধিক শিরোপা জিতে পেয়েছেন কিংবদন্তির মর্যাদা। এবার বিখ্যাত ১০ নম্বর জার্সিতে শেষবার মাঠে নামার আগে তাঁর অর্জনের মুকুটে যুক্ত হচ্ছে আরও একটি বিশেষ পালক।




