এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে প্রথমবার সোনা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো পাকিস্তানের। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত ধরে রাখল নিজেদের সোনার পদক।শনিবার জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে স্নায়ুচাপের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে টানা দ্বিতীয়বার সোনা জিতেছে ভারত।
ভারতের দেওয়া ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হাসান নওয়াজের দুর্দান্ত ৯৬ রানের ইনিংসও পাকিস্তানকে জয়ের কাছে নিতে পারেনি। ২০ ওভারে ৬ উইকেটে ১৯২ রানেই থেমে যায় পাকিস্তানের ইনিংস।২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসের পর এবারও পুরুষ ক্রিকেটের সোনা নিজেদের করে নিল ভারত। নারী দলের পর পুরুষ দলও টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখল। চলতি এশিয়ান গেমসে এটি ভারতের ১৯তম স্বর্ণপদক।
এই জয়ের মধ্য দিয়ে ২০২১ সালের পর টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টানা সপ্তম জয় পেল ভারত। ২০০৭ সাল থেকে দুই দলের ১৮টি টি-টোয়েন্টি ম্যাচে এটি ভারতের ১৫তম জয়।অসমান বাউন্সের উইকেটে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরুতেই বৈভব সূর্যবংশী ও সঞ্জু স্যামসনকে হারালেও অভিষেক শর্মার ব্যাটে দ্রুত ঘুরে দাঁড়ায় ভারত।
বাঁহাতি এই ওপেনার মাত্র ২৮ বলে ৩টি চার ও ৭টি ছক্কায় করেন ৬১ রান। তাঁর আক্রমণাত্মক ব্যাটিং ভারতকে বড় সংগ্রহের ভিত্তি এনে দেয়।মাঝের ওভারে ঈশান কিষাণ ও শ্রেয়স আইয়ার পরপর দুই ওভারে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে ভারত। তবে সেই চাপ সামাল দেন সহ-অধিনায়ক তিলক বর্মা। মাত্র ২১ বলে ৩টি চার ও ৪টি ছক্কায় ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত তাঁর ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ২০ ওভারে ৬ উইকেটে ২১১ রান সংগ্রহ করে ভারত।
২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ধীরগতির ছিল পাকিস্তানের। তবে মাঝের ওভারে হাসান নওয়াজের ঝড়ো ব্যাটিং ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে।হাসান দ্রুত ফিফটি তুলে নিয়ে ভারতের বোলারদের ওপর চাপ তৈরি করেন। ভারতীয় লেগ স্পিনার রবি বিষ্ণোইয়ের ৩ ওভারে ৪৪ রান তুলে নেয় পাকিস্তানও। তবু মন্থর উইকেটে প্রয়োজনীয় রানরেট ধরে রাখা কঠিন হয়ে পড়ে তাদের জন্য।
শেষ ১২ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৪ রান। ১৯তম ওভারে বল হাতে দারুণ নিয়ন্ত্রণ দেখিয়ে পাকিস্তানের জয়ের সম্ভাবনা প্রায় শেষ করে দেন জাসপ্রিত বুমরাহ। শেষ ওভারে পাকিস্তানের সামনে সমীকরণ দাঁড়ায় ৩৩ রান। সেই লক্ষ্য আর পেরোতে পারেনি পাকিস্তান। ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৯২ রান তুলে ১৯ রানে হেরে যায় তারা। ভারতের হাতে ওঠে এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে টানা দ্বিতীয় সোনা।




