ডি থ্রি ট্রফির নিলামে ১ কোটি ৭০ লাখ পয়েন্টে দল পেয়েছেন জাকের আলী অনিক। তাঁকে দলে ভিড়িয়েছে সিটিজেনস ব্যাংক। এদিকে ৯০ লাখ পয়েন্টে ব্লু স্টারে নাম লিখিয়েছেন এনামুল হক বিজয়। নিলামে রেকর্ড ২ কোটি ১০ লাখ পয়েন্টে তাসকিন আহমেদকে দলে নিয়েছে ওয়ালটন।
সাইফ হাসানকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে কিনেছে সেভেন রিংস সিমেন্ট। একই পয়েন্টে হাসান মাহমুদকে দলে নিয়েছে ব্লু স্টার। এ ছাড়া ৭৫ লাখ পয়েন্টে নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে দলটি। ওয়ালটন ৮০ লাখ পয়েন্টে কিনেছে মুমিনুল হককে। আর ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে লিটন দাসকে দলে নিয়ে মুমিনুলের সতীর্থ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
‘এ’ ক্যাটাগরিতে তাসকিনের আগে সর্বোচ্চ দর উঠেছিল তামিম ইকবালের। তাঁর জন্য ২ কোটি পয়েন্ট খরচ করেছে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি। এর আগে নাজমুল হোসেন শান্তকে ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফরচুন।
এ ছাড়া ৬০ লাখ পয়েন্টে রিশাদ হোসেনকে দলে নিয়েছে ফরচুন। তবে বিগ ব্যাশে খেলার কারণে ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে খেলতে পারবেন না এই লেগ স্পিনার। একই দল ৭৫ লাখ পয়েন্টে কিনেছে সৌম্য সরকারকে। সেভেন রিংস সিমেন্ট ৮০ লাখ পয়েন্টে দলে নিয়েছে তাইজুল ইসলামকে। নিলামে সবার আগে শেখ মেহেদী হাসানকে দেড় কোটি পয়েন্টে দলে ভিড়িয়েছে ব্লু স্টার।
ডি থ্রি ট্রফির নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ২৭৫ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন ২২ জন, ‘বি’ ক্যাটাগরিতে ২৫ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৭০ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন এবং ‘ই’ ক্যাটাগরিতে ১১২ জন ক্রিকেটার।
এর আগেই ছয় আইকন ক্রিকেটারের দল চূড়ান্ত হয়েছিল। মোসাদ্দেক হোসেন সৈকত খেলবেন একমিতে, নাঈম শেখ সিটিজেনস ব্যাংকে, মুশফিকুর রহিম সেভেন রিংস সিমেন্টে, নুরুল হাসান সোহান ব্লু স্টারে, তাওহীদ হৃদয় ফরচুনে এবং মেহেদী হাসান মিরাজ ওয়ালটনে।




