জয়পুরহাটে টেবিল টেনিস প্রশিক্ষণ শুরু । জয়পুরহাটে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে টেবিল টেনিসের প্রসার এবং নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম। শনিবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ টেবিল টেনিস প্লেয়ার্স সোসাইটির ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। এতে জেলার ১৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী এম এ বারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া। সঞ্চালনা করেন বাংলাদেশ টেবিল টেনিস প্লেয়ার্স সোসাইটির প্রমোশন, ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং সেক্রেটারি এনায়েত হোসেন মারুফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. গোলজার হোসেন, বাংলাদেশ টেবিল টেনিস প্লেয়ার্স সোসাইটির সহসভাপতি এ এম মাকসুদ আহমেদ সনেট, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু এবং আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম এ বারী বলেন, বর্তমান সরকার খেলাধুলার উন্নয়নকে গুরুত্ব দিচ্ছে এবং ক্রীড়াবিদদের যথাযথ মূল্যায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। শিশু-কিশোরদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। তাঁর মতে, খেলাধুলার মধ্য দিয়ে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলা সম্ভব।
আয়োজকদের প্রত্যাশা, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে জয়পুরহাটে টেবিল টেনিসের নতুন প্রতিভা তৈরি হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার মতো খেলোয়াড় উঠে আসবে।




