মিরপুর টেস্টের পর এবার সিলেট টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সবচেয়ে বড় পরিবর্তন অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকের বাদ পড়া। তার পরিবর্তে জাতীয় দলে ফিরেছেন তরুণ ব্যাটার অমিত হাসান।
মিরপুর টেস্টের বাংলাদেশ স্কোয়াডে এটিই একমাত্র পরিবর্তন। মিরপুর টেস্টের তৃতীয় দিনে ফিল্ডিংয়ের সময় মাঠে পড়ে গিয়ে হেলমেটের আঘাতে মাথায় চোট পান মুমিনুল। পরবর্তীতে তার কনকাশন বদলি হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয় জাকের আলিকে।
আইসিসির কনকাশন প্রটোকল অনুযায়ী, মাথায় আঘাত পাওয়ার পর সাত দিন পর্যন্ত কোনো আন্তর্জাতিক বা শীর্ষ পর্যায়ের ম্যাচে অংশ নিতে পারেন না ক্রিকেটাররা। ফলে সিলেট টেস্টে মুমিনুলের খেলা সম্ভব হচ্ছে না।
তার পরিবর্তে দলে জায়গা পাওয়া অমিত হাসান বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত একটি টেস্ট খেলেছেন। গত জুনে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অভিষেক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ২৯ রান করেছিলেন তিনি।
জাতীয় ক্রিকেট লিগে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন অমিত। সর্বশেষ ম্যাচে অপরাজিত ২০১ রানের ইনিংস খেলার আগে করেছিলেন ৯৪ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।
এখন পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে ১২টি সেঞ্চুরি ও ১৮টি হাফ সেঞ্চুরির মালিক অমিত। ৫০.৫০ গড়ে তার সংগ্রহ ৪ হাজার ৪০ রান।
এদিকে, চোট কাটিয়ে সিলেট টেস্টে ফিরছেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিকুর রহিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। মিরপুরে প্রথম টেস্টে ৮ উইকেটে হারের পর সিরিজে সমতা ফেরাতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
সিলেট টেস্টে বাংলাদেশের ১৫ সদস্যের দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও অমিত হাসান।


