প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে এবার সিঙ্গাপুরের কাছেও হারলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। টানা দুই হারে ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বেই বিদায় ঘন্টা বাজলো হামজা চৌধুরী ও জামাল ভূইয়াদের। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে টমাস ডুলির দল হেরেছে ১-০ গোলে।

ফিফা আসিয়ান কাপের ডিভিশন ওয়ানে ভারত নাম প্রত্যাহার করে নেয়ায় সেখানে খেলার জন্য আামন্ত্রণ পেয়েছিলো বাংলাদেশ। প্রত্যাশা ছিলো হামজা চৌধুরীসহ একাধিক বংশোদ্ভুত খেলোয়াড় নিয়ে গড়া বাংলাদেশ দল এই টুর্নামেন্টে ভালো কিছু করে দেখাবে। কিন্তু টানা দুই হারের পর গ্রুপ থেকেই ছিটকে গেলো হামজা-জামালরা।
২৫ সেপ্টেম্বর শুক্রবার মালয়েশিয়ার কাছে হারের পরও টুর্নামেন্টে টিকে থাকার যে সম্ভাবনা ছিলো সোমবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বাং কার্নো স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে যাওয়ার পর ছিটকেই যেতে হলো হামজা চৌধুরীদের।
মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর এবার দলে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। শুরুর একাদশে ফেরেন জামাল ভূঁইয়া। তার সঙ্গে সুযোগ পান শেখ মোরসালিন, শুকি ইতোফুসা ও জিদান ইউসুফ।
প্রথমার্ধে বাংলাদেশের আক্রমণ খুব একটা ধারালো না হলেও সিঙ্গাপুর সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায়। ৩৫ মিনিটে নূর আদম আবদুল্লাহর ক্রস থেকে হ্যারিস স্টুয়ার্ট হেডে গোল করেন। বাংলাদেশের রক্ষণে মার্কিংয়ের ঘাটতির সুযোগ নিয়ে সহজেই বল জালে পাঠান সিঙ্গাপুরের এই মিডফিল্ডার।
গোল হজমের কিছুক্ষণ পরই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সিঙ্গাপুর। তবে তাদের একটি শট পোস্টে লেগে ফিরে আসায় বেঁচে যায় বাংলাদেশ।

বিরতির পর ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ বাড়ায় বাংলাদেশ। বলের দখল ধরে রেখে একের পর এক আক্রমণ তৈরি করার পাশাপাশি বেশ কয়েকটি কর্নারও আদায় করে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। কিন্তু শেষ মুহূর্তে ফিনিশিংয়ের অভাবে আর সমতায় ফেরা সম্ভব হয়নি।
দলের আক্রমণ আরও বাড়াতে দ্বিতীয়ার্ধে একাধিক পরিবর্তন করেন কোচ টমাস ডুলি। অভিষেক হয় মিনহাজুল স্বাধীন-এর। এছাড়া মোহাম্মদ সোহেল রানা, ফাহামেদুল ইসলাম ও রহমত মিয়াকেও মাঠে নামানো হয়।
তবে বদলিরাও কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারেননি। শমিত সোমের হেড লক্ষ্যে থাকেনি, আর রাকিব হোসেনের প্রচেষ্টা সরাসরি সিঙ্গাপুরের গোলরক্ষকের হাতে চলে যায়। পুরো দ্বিতীয়ার্ধে চাপ তৈরি করেও গোলের দেখা পায়নি বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে এটি বাংলাদেশের ষষ্ঠ সাক্ষাৎ। এবারসহ চার ম্যাচে হেরেছে বাংলাদেশ, আর বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। এর আগে গত মার্চে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বেও সিঙ্গাপুরের মাঠে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। গত বছরের জুনে ঢাকায় প্রথম লেগে হার ছিল ২-১ গোলে।
দুই ম্যাচ শেষে ‘এ’ গ্রুপে বাংলাদেশের পয়েন্ট শূন্য। ফলে টুর্নামেন্টের পরবর্তী ধাপে যাওয়ার পথ কঠিন হয়ে পড়েছে। আগামী ১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের তুলনায় সিঙ্গাপুরের বিপক্ষে পারফরম্যান্সে উন্নতি দেখা গেলেও কাঙ্ক্ষিত ফল পায়নি লাল-সবুজের দল। এখন শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে হবে তাদের।




