জাতীয় দল থেকে ফিরেই লিওনেল মেসির জোড়া গোল

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে একুশ বছরের অধ্যায় শেষ করার চারদিন পরই ক্লাব ফুটবলে ফিরেছেন লিওনেল মেসি। ফিরেই দেখিয়েছেন নিজের চেনা ঝলক। তার জোড়া গোলে ডিসি ইউনাইটেডকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। শনিবারের এই জয়ে পাঁচ ম্যাচের জয়হীন ধারাও কাটিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

মায়ামির হয়ে বাকি দুই গোল করেন লুই সুয়ারেজ। দুটি গোলে সহায়তা করেছেন জার্মান বেরেতেরামে। চলতি মৌসুমে মেজর লিগ সকারে মেসির গোলসংখ্যা বেড়ে হয়েছে ২৩। লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নেতৃত্ব দিচ্ছেন তিনি।

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলার পর ক্লাবের হয়ে পুরো৯০ মিনিট মাঠে ছিলেন ৩৯ বছর বয়সী মেসি। তার সঙ্গে সুয়ারেজের দুর্দান্ত বোঝাপড়ায় শুরু থেকে চাপে পড়ে ডিসি ইউনাইটেড। ম্যাচের তৃতীয় মিনিটে গোলের দেখা পায় মায়ামি। বেরেতেরামের হেড থেকে বল পেয়ে বাম পায়ের নিখুঁত শটে লক্ষ্যভেদ করে সুয়ারেজ। তার শট জালের বাম দিক থেকে জালে আছড়ে পড়ে। মায়ামি এগিয়ে যায় ১-০ গোলে।

৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুন করে মায়ামি। এ গোলটিও করেন সুয়ারেজ। তাকে সহায়তা দেন মেসি। প্রথমে সুয়ারেজের শট ডিসি ইউনাইটেড গোলরক্ষক রুখে দিলে বল চলে যায় বেরেতারামের কাছে। তার হেড থেকে বল আবার সুয়ারেজের কাছে আসলে সহজে গোল করেন তিনি।

জোড়া গোল করেছেন সুয়ারেজও

বিরতির পরপরই গোলের খাতায় নাম লেখান মেসি। ৪৭ মিনিটে সুয়ারেজের বাড়ানো বল পেয়ে কাছ থেকে ডান পোস্টের বল পাঠিয়ে গোলের খাতা খোলেন তিনি। মায়ামি এগিয়ে যায় ৩-০ গোলে।

৬০ মিনিটের সময় দ্বিতীয় গোল পান মেসি। রদ্রিগো দি পলের পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের বিপদসীমানায় ঢুকে পড়েন তিনি। দুই খেলোয়াড়কে কাটিয়ে প্রায় ১২ গজ দূর থেকে তার নেওয়া শট জালে আছড়ে পড়ে। মায়ামির জয় নিশ্চিত হয়ে যায়।

২৯ আগষ্ট মন্ট্রিয়েলকে হারানোর পর এটিই ছিল মায়ামির প্রথম জয়। ১৬ সেপ্টেম্বর নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ক্রিস্তিয়ান কিলি গনজালেসের অধীনে মায়ামির এটি প্রথম জয়। আগামী বুধবার নিউইয়র্ক সিটির বিপক্ষে মাঠে নামবে মায়ামি। একই রাতে নিউইয়র্ক রেড বুলসের মুখোমুখি হবে ডিসি ইউনাইটেড।

এ জয়ের ফলে মায়ামির পয়েন্ট ২৮ ম্যাচে ৪৯। শীর্ষে থাকা নাশভিলের পয়েন্ট ৬৩। ফলে মায়ামির শীর্ষে ওঠার সুযোগ আর তেমন একটা নেই।

spot_imgspot_img
spot_img

Related Articles