আমাদের লক্ষ্য অবশ্যই সিরিজ জেতা- ল্যাথাম। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে শুক্রবার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। মিরপুর শেরে বাংলায় ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়। টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম জানিয়েছেন, বাংলাদেশ সফরকে সামনে রেখে তার দল স্কোয়াডের গভীরতা বাড়ানো এবং উপমহাদেশের কঠিন কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।
আসন্ন সিরিজকে চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন তিনি এবং তরুণ ও কম অভিজ্ঞ ক্রিকেটারদের জন্য এটিকে বড় সুযোগ হিসেবেও বিবেচনা করছেন। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার ল্যাথাম বলেন, ‘দলের কয়েকজন ক্রিকেটার আগে বাংলাদেশ ও উপমহাদেশে খেললেও অনেকের জন্যই এটি নতুন অভিজ্ঞতা।
তাই যত বেশি সম্ভব খেলোয়াড়কে এসব কন্ডিশনে খেলার সুযোগ দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ও গভীর স্কোয়াড তৈরি করা যায়। তার মতে, এই অভিজ্ঞতা দীর্ঘমেয়াদে নিউজিল্যান্ড ক্রিকেটকে আরও সমৃদ্ধ করবে।’ বাংলাদেশে নিজের দারুণ ওয়ানডে রেকর্ড থাকা সত্ত্বেও ব্যক্তিগত অর্জন নিয়ে খুব একটা ভাবছেন না ল্যাথাম।
এছাড়া তিনি স্পষ্ট করে জানান, প্রতিপক্ষ যেই হোক না কেন, তার প্রস্তুতির ধরনে কোনো পরিবর্তন আসে না। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশকে বেশ আত্মবিশ্বাসী ও শক্তিশালী দল হিসেবেই দেখছেন তিনি। সিরিজ জয় নিয়ে বলেন,‘ আমাদের লক্ষ্য অবশ্যই সিরিজ জেতা। তবে আমরা জানি, সেখানে পৌঁছাতে হলে ধাপে ধাপে উন্নতি করতে হবে। প্রতিটি ম্যাচ থেকে শেখা এবং নিজেদের উন্নত করাই আমাদের মূল লক্ষ্য। দলের অভিজ্ঞ ক্রিকেটারদের ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। কম অভিজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে দলকে এগিয়ে নেওয়ার ওপর জোর দেন নিউজিল্যান্ড অধিনায়ক।
বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়েও প্রশংসা করেন ল্যাথাম। বাংলাদেশে পেস বোলিং নিয়ে তিনি বলেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ পেসারদের পাশাপাশি নাহিদ রানার মতো তরুণরাও দারুণ পারফর্ম করছে। একই সঙ্গে স্পিন আক্রমণও যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করেন তিনি। তাই সব ধরনের কন্ডিশনের জন্য প্রস্তুত থাকার কথাও জানান ল্যাথাম।’ বাংলাদেশের গরম আবহাওয়া নিয়েও কথা বলেন তিনি।
নিউজিল্যান্ডের তুলনায় ভিন্ন এই পরিবেশে মানিয়ে নেওয়াটা সহজ নয় বলে স্বীকার করেন ল্যাথাম। তবে ম্যাচের আগে নিজেদের সতেজ রাখা এবং সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার দিকেই মনোযোগ দিচ্ছে দল। পিচ সম্পর্কে ল্যাথাম বলেন, এটি ভালো উইকেট বলে মনে হচ্ছে এবং এখানে রান করার সুযোগ থাকবে। তবে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী দ্রুত মানিয়ে নেওয়াই হবে মূল চাবিকাঠি।’ সবশেষে তিনি বলেন, ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে ব্যস্ত সূচি থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে দেশের হয়ে খেলাটা এখনো সবচেয়ে বড় প্রেরণা। একই সঙ্গে এসব লিগ নতুন খেলোয়াড়দের সুযোগ তৈরি করে দিয়ে দলের গভীরতা বাড়াতে সহায়তা করছে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











