রোনালদোকে দলে রেখেই যিশুর নতুন যাত্রা পর্তুগালের

বিশ্বকাপ শেষ হওয়ার পর ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তৈরি হওয়া জল্পনায় আপাতত ইতি পড়েছে। নতুন কোচ জর্জে যিশুর ঘোষিত পর্তুগাল দলে জায়গা পেয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা। আগামী উয়েফা নেশনস লিগের চার ম্যাচকে সামনে রেখে শুক্রবার ২৫ সদস্যের দল ঘোষণা করেন পর্তুগালের নতুন কোচ।

২০২৬ বিশ্বকাপই নিজের শেষ বিশ্বকাপ-এ কথা আগেই জানিয়েছিলেন রোনালদো। তবে জাতীয় দলের হয়ে কবে মাঠে নামা থামাবেন, সে বিষয়ে এখনো স্পষ্ট ঘোষণা দেননি তিনি। ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সময় তাঁর বয়স হবে ৪৩ বছর। ফলে পর্তুগালের জার্সিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা অব্যাহত থাকছেই।

বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে সম্পর্কের ইতি ঘটে পর্তুগালের। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন জর্জে যিশু। এর আগে সৌদি আরবের ক্লাব আল নাসরে রোনালদোর কোচ ছিলেন তিনি। গত মৌসুমে দুজনের অধীনে সৌদি লিগের শিরোপা জিতেছিল আল নাসর।

নতুন কোচ জর্জে যিশু

তবে জাতীয় দলে রোনালদোকে কোনো বিশেষ সুবিধা দেওয়া হবে না বলে স্পষ্ট করেছেন যিশু। তাঁর ভাষায়, ‘সব খেলোয়াড়ের ক্ষেত্রেই একই নিয়ম। কেউ ভালো খেললে মাঠে নামবে, ভালো না খেললে খেলবে না।’ রোনালদোর মর্যাদা আলাদা হলেও তা দল নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি।

পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা রোনালদোর গোলসংখ্যা ১৪৬। পর্তুগালের হয়ে ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতা তাঁর অন্যতম বড় সাফল্য। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে এগোচ্ছেন তিনি। বর্তমানে তাঁর গোলসংখ্যা ৯৭৯।

যিশুর ধারণা, রোনালদো জাতীয় দলের হয়ে নয়, বরং আল নাসরের জার্সিতেই ১ হাজারতম গোল করতে পারেন। আগামী ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশনস লিগ অভিযান শুরু করবে পর্তুগাল। এরপর নরওয়ে, ডেনমার্ক ও আবার নরওয়ের বিপক্ষে খেলবে তারা।

spot_imgspot_img
spot_img

Related Articles